কাশ্মিরে ৮ আগ্নেয়াস্ত্র নিয়ে পলাতক পুলিশের বিশেষ নিরাপত্তা কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/india-i64651-কাশ্মিরে_৮_আগ্নেয়াস্ত্র_নিয়ে_পলাতক_পুলিশের_বিশেষ_নিরাপত্তা_কর্মকর্তা
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও) ৮টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে পালিয়ে গেছেন। আদিল বশির শেখ (২৪) নামে ওই এসপিও পিডিপি বিধায়ক আইয়াজ আহমদ মীরের সরকারি বাসায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আদিল বশির সহকর্মীদের সাতটি একে-৪৭ রাইফেলের পাশাপাশি বিধায়কের একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তলও নিয়ে গেছেন। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ওই ঘটনার পরে প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১১:১২ Asia/Dhaka
  • আদিল বশির শেখ
    আদিল বশির শেখ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও) ৮টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে পালিয়ে গেছেন। আদিল বশির শেখ (২৪) নামে ওই এসপিও পিডিপি বিধায়ক আইয়াজ আহমদ মীরের সরকারি বাসায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আদিল বশির সহকর্মীদের সাতটি একে-৪৭ রাইফেলের পাশাপাশি বিধায়কের একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তলও নিয়ে গেছেন। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ওই ঘটনার পরে প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা ও নিরাপত্তা) মুনীর খান ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, কীভাবে ওই এসপিও এতগুলো আগ্নেয়াস্ত্র নিয়ে পালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সম্ভাব্য সমস্ত দিক তদন্ত করবে।

রাজবাগ থানার পুলিশ এ ব্যাপারে একটি এফআইআর দায়ের করে বিষয়টির তদন্ত শুরু করেছে।

পুলিশের ডিজি দিলবাগ সিং, পলাতক আদিল বশিরকে কেউ অস্ত্র সহ ধরতে পারলে তাকে দু’লাখ টাকা পুরস্কার দেয়ার কথা ঘোষণা করেছেন।

জৈনপোরা সোপিয়ানের বাসিন্দা আদিল বশির ২০১৭ সালের ১১ মার্চ থেকে এসপিও নিযুক্ত হয়েছিলেন।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই ঘটনার পরে কাশ্মির উপত্যকা জুড়ে উচ্চসতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ কাশ্মিরের বিভিন্ন সড়কে যানবাহন থামিয়ে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পুলিশের পক্ষ থেকে ওই বিধায়কের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত অন্য এসপিওদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কাশ্মিরে সক্রিয় গেরিলাদের হুমকির মুখে ভীত সন্ত্রস্ত হয়ে বিগত দশ দিনের মধ্যে কমপক্ষে ৪০ এসপিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বিগত তিন বছরে বেশ কিছু ঘটনায় চাকরি ছেড়ে গেরিলা বাহিনীতে পুলিশ কর্মীদের যোগ দেয়ার ঘটনা ঘটেছে। কিন্তু এই প্রথম একসঙ্গে ৮টি আগ্নেয়াস্ত্র নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯