জম্মু-কাশ্মিরে থানায় গেরিলা হামলা: ১ পুলিশ নিহত
-
নিহত পুলিশের কফিন (ফাইল ফটো)
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে থানায় গেরিলা হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ (রোববার) সকালে সোপিয়ান জেলার এক থানায় অজ্ঞাত গেরিলারা গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে শাকিব মহিউদ্দিন নামে এক পুলিশ নিহত হন। হামলাকারী গেরিলারা ওই পুলিশ সদস্যের সার্ভিস রাইফেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
তাৎক্ষণিকভাবে হামলাকারীরা সংখ্যায় কত জন ছিল তা এখনো স্পষ্ট হয়নি। আজ সকাল সাড়ে ৬ টা নাগাদ গেরিলা হামলায় থানার প্রধান গেটের সামনে মোতায়েন থাকা পুলিশ সদস্য শাকিব গুরুতর আহত হলে তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সেখানেই মারা যান।
ওই ঘটনার পরে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে আক্রমণকারীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে।
কাশ্মিরে সক্রিয় গেরিলারা সম্প্রতি স্থানীয় পুলিশ কর্মীদের টার্গেট করে তাদের ওপরে নানাভাবে হামলা চালাচ্ছে। কয়েকদিন আগেই তারা তিন বিশেষ পুলিশ কর্মকর্তাকে (এসপিও) গুলি করে হত্যা করেছে। রাজ্যটিতে নতুনভাবে অপারেশন অল আউট-২ কর্মসূচি শুরু হয়েছে। এর মধ্য দিয়ে সক্রিয় গেরিলা দলের সদস্যদের নির্মূল করা হবে। গতবছর ২০১৭ সালে একই কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে দুইশ’ গেরিলা নিহত হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩০