কাশ্মিরে চলতি বছরে ১৪৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, নিহত ৫২
https://parstoday.ir/bn/news/india-i64745-কাশ্মিরে_চলতি_বছরে_১৪৩৫_বার_যুদ্ধবিরতি_লঙ্ঘন_পাকিস্তানের_নিহত_৫২
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, জম্মু-কাশ্মিরে চলতি বছরের জুলাই পর্যন্ত পাকিস্তান ১ হাজার ৪৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ভারত-পাকিস্তান সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় সংঘটিত যুদ্ধবিরতি লংঘনের ঘটনায় মোট ৫২ জন নিহত এবং ২৩২ জন আহত হয়েছেন। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৩, ২০১৮ ১৩:১৩ Asia/Dhaka
  • কাশ্মিরে চলতি বছরে ১৪৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, নিহত ৫২

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, জম্মু-কাশ্মিরে চলতি বছরের জুলাই পর্যন্ত পাকিস্তান ১ হাজার ৪৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ভারত-পাকিস্তান সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় সংঘটিত যুদ্ধবিরতি লংঘনের ঘটনায় মোট ৫২ জন নিহত এবং ২৩২ জন আহত হয়েছেন। 

তথ্য জানার অধিকার আইন (আরটিআই) বলে মন্ত্রণালয়টি ওই তথ্য জানিয়েছে। আরটিআই কর্মী রমন সিং দ্বারা দায়ের করা আবেদনের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত পরিসংখ্যানে ওই তথ্য দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত তথ্য মতে, চলতি বছরের জুলাইয়ের শেষ পর্যন্ত যুদ্ধবিরতির ঘটনায় ২৮ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে, সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর ১২ এবং বিএসএফের ১২ জওয়ান নিহত হয়েছেন। পরিসংখ্যানে প্রকাশ, নিয়ন্ত্রণরেখায় ৯৪৫ যুদ্ধবিরতির ঘটনায় ১৪০ সাধারণ বেসামরিক ব্যক্তি, ৪৫ সেনা জওয়ান এবং ৪৭ বিএসএফ জওয়ান আহত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতবছর ৯৭১ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার মধ্যে ৮৬০টি নিয়ন্ত্রণরেখা এবং ১১১টি আন্তর্জাতিক সীমান্তে হয়েছিল। এসব ঘটনায় ১২ জন বেসামরিক নাগরিক, ১৫ সেনা সদস্য এবং বিএসএফের ৪ জওয়ান নিহত হয়েছিল।

পরিসংখ্যানে প্রকাশ, ২০১৭ সালে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ৭৯ জন স্থানীয় বেসামরিক ব্যক্তি, ৫৮ সেনাসদস্য এবং বিএসএফের ১৪ জওয়ান আহত হয়েছিলেন। একইভাবে ২০১৬ সালে জম্মু-কাশ্মির সীমান্তে ৪৩৯ টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ১৩ বেসামরিক ও সেনা ও বিএসএফের মোট ১৩ জওয়ান নিহত হয়েছিল।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩