ভারত সফরে পুতিন, এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চুক্তির সম্ভাবনা
https://parstoday.ir/bn/news/india-i64787-ভারত_সফরে_পুতিন_এস_৪০০_প্রতিরক্ষা_ব্যবস্থা_নিয়ে_চুক্তির_সম্ভাবনা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৯তম বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ভারত সফর করছেন। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় দুই দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছান তিনি। আজ (শুক্রবার) নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০৫, ২০১৮ ০৯:১৩ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি
    ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৯তম বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ভারত সফর করছেন। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় দুই দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছান তিনি। আজ (শুক্রবার) নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে।

বাণিজ্য সম্মেলনের পাশাপাশি  রাশিয়ার এস- ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রি সংক্রান্ত চুক্তি সম্পাদন করতে পারেন পুতিন। সবকিছু ঠিক থাকলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ৫০ লাখ মার্কিন ডলারের চুক্তি সই হতে পারে।

ভারতের রুশ ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তি ব্যবহার নিয়ে তীব্র আপত্তি রয়েছে আমেরিকার। গত আগস্টেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনলে নয়াদিল্লিকে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি আমেরিকার ক্যাটসা (অস্ত্র ক্রয়-বিক্রয়ে অনুমোদন সংক্রান্ত আইন) অনুযায়ী ভারতের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞার আরোপের ইঙ্গিত দেয়া হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে।    

২০০৭ সালে রাশিয়া প্রথম সামনে আনে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা। এই ব্যবস্থায় চারশ’ কিলোমিটার দূর পর্যন্ত শত্রু ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করতে পারে এবং একই সঙ্গে ৪৮টি শত্রু ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে মাটিতে নামাতে পারে।

শেষমেশ মার্কিন হুমকি অগ্রাহ্য করে ভারত ও রাশিয়ার মধ্যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা চুক্তি সই হলে মার্কিন প্রতিক্রিয়া কী হয় সেটিই এখন লক্ষণীয়।

কিন্তু ভারতের হাতে রাশিয়ার ওই প্রযুক্তি চলে এলে ভারতের প্রতিরক্ষাব্যবস্থা নিশ্চিতভাবেই বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে তাতে কোনো সংশয় নেই বলে বিশ্লেষকরা মনে করছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫