কাশ্মিরে গেরিলা হামলায় ন্যাশনাল কনফারেন্সের ২ কর্মী নিহত, আবদুল্লাহ'র নিন্দা
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে অজ্ঞাত গেরিলা হামলায় ন্যাশনাল কনফারেন্সের দুই কর্মী নিহত হয়েছেন। গেরিলাদের গুলিতে দলটির অন্য এক কর্মী আহত হয়েছেন। আজ (শুক্রবার) রাজধানী শ্রীনগরের কারফাল্লি মহল্লা এলাকায় ওই হতাহতের ঘটনা ঘটেছে।
জম্মু-কাশ্মির পুলিশের এক মুখপাত্র বলেন, হামলায় তিনজন আহত হলে তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এদের মধ্যে নাজির আহমেদ এবং মুস্তাক আহমেদ নামে দু’জনের মৃত্যু হয়েছে। শাকিল আহমেদ নামে অন্য একজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পুলিশ ওই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের শীর্ষনেতা ওমর আবদুল্লাহ ওই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘আমার দলের তিন কর্মীর উপর সন্ত্রাসী হামলার নিন্দা করার ভাষা খুঁজে পাচ্ছি না। এ ঘটনায় নাজির আহমেদ ভাট ও মুস্তাক আহমেদ ওয়ানি নিহত হয়েছেন।’
ওমর আবদুল্লাহ বলেন, ‘শাকিল আহমেদ আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমি তার দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনা করি। নাজির, মুস্তাক ও শাকিলের পরিবার এই কঠিন সময়ে ধৈর্যশক্তি লাভ করুন।’
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গেরিলা হামলার ঘটনায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন