জম্মু-কাশ্মিরে সংঘর্ষে আট গেরিলা ও নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত
https://parstoday.ir/bn/news/india-i65324-জম্মু_কাশ্মিরে_সংঘর্ষে_আট_গেরিলা_ও_নিরাপত্তা_বাহিনীর_দুই_সদস্য_নিহত
জম্মু-কাশ্মিরের অনন্তনাগ ও বারামুল্লা জেলায় পৃথক সংঘর্ষে গতকাল ও আজ আট গেরিলা ও নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। আজ (শুক্রবার) বারামুল্লা জেলার সোপোরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্য সংঘর্ষে দুই গেরিলা ও সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
অক্টোবর ২৬, ২০১৮ ১৩:০২ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে সংঘর্ষে আট গেরিলা ও নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত

জম্মু-কাশ্মিরের অনন্তনাগ ও বারামুল্লা জেলায় পৃথক সংঘর্ষে গতকাল ও আজ আট গেরিলা ও নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। আজ (শুক্রবার) বারামুল্লা জেলার সোপোরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্য সংঘর্ষে দুই গেরিলা ও সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে।

অনন্তনাগ জেলার বিজেবেহারা এলাকায় গতকাল সন্ধ্যায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুকযুদ্ধে চার গেরিলা নিহত হয়। সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে গতকাল বিকেল ৪ টা নাগাদ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে সেখানে তল্লাশি অভিযান চালায়। এসময় গেরিলারা যে বাড়িতে লুকিয়ে ছিল সেখান থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারা যৌথবাহিনীর মুখোমুখি হলে উভয়পক্ষের মধ্যে দু’দফায় সংঘর্ষ হয় এবং রাত ৯টা পর্যন্ত তুমুল বন্দুকযুদ্ধ  চলে। ওই ঘটনায় প্রথমে তিন গেরিলা ও পরে আরো এক গেরিলার লাশ উদ্ধার হয়।

নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রতিবাদে স্থানীয় মানুষজন ব্যাপক বিক্ষোভ প্রদর্শনসহ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। মারমুখী জনতাকে সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে এসময় পেলেটগান ব্যবহারের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও শূন্যে গুলি ছুঁড়তে হয়। এরফলে বেশ কিছু মানুষজন আহত হয়।

অন্যদিকে, বারামুল্লা জেলায় দিনভর সংঘর্ষে দুই গেরিলা নিহত ও এক সেনাসদস্য আহত হয়। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলাকালীন প্রতিবাদী তরুণরা সড়কে নেমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়।

এদিকে, গতকাল সন্ধ্যায় পুলওয়ামা জেলার দক্ষিণ ত্রালে সেনা ক্যাম্পে অজ্ঞাত গেরিলারা হামলা চালালে সেনাবাহিনীর এক সদস্য নিহত ও অন্য এক সদস্য গুরুতর আহত হয়েছেন। ৪২ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে গেরিলারা এসময় কমপক্ষে ১৫ মিনিট ধরে গুলিবর্ষণ করে।

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৬