জম্মু-কাশ্মিরে সংঘর্ষ: ২ গেরিলা নিহত, ত্রালে সর্বাত্মক বনধ পালিত
https://parstoday.ir/bn/news/india-i65479-জম্মু_কাশ্মিরে_সংঘর্ষ_২_গেরিলা_নিহত_ত্রালে_সর্বাত্মক_বনধ_পালিত
জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোরে মধ্য কাশ্মিরের বাডগাম জেলার জাগু আরিজাল এলাকায় ওই সংঘর্ষ হয়। নিহত গেরিলাদের একজনকে মুখতার আহমদ খান বলে শনাক্ত করা গেলেও অন্য জনের পরিচয় এখনো জানা যায় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০১, ২০১৮ ১১:৪২ Asia/Dhaka
  •  জম্মু-কাশ্মিরে সংঘর্ষ:  ২ গেরিলা নিহত, ত্রালে সর্বাত্মক বনধ পালিত

জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোরে মধ্য কাশ্মিরের বাডগাম জেলার জাগু আরিজাল এলাকায় ওই সংঘর্ষ হয়। নিহত গেরিলাদের একজনকে মুখতার আহমদ খান বলে শনাক্ত করা গেলেও অন্য জনের পরিচয় এখনো জানা যায় নি।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আজ ভোর থেকে জাগু আরিজাল এলাকায় সেনাবাহিনীর ৫৩ রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু-কাশ্মির পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) সদস্য সমন্বিত যৌথবাহিনী গেরিলাদের সন্ধানে  তল্লাশি অভিযান চালায়। এসময় যৌথ বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গেরিলারা এলোপাথাড়ি গুলি চালায়। যৌথবাহিনীও গুলিবর্ষণ করে পাল্টা জবাব দিলে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। বেশ কিছু সময় ধরে বন্দুক যুদ্ধ শেষে নিহত হয় দুই গেরিলা সদস্য।

এদিকে, ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার প্রতিবাদী তরুণরা সড়কে নেমে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়ে। মারমুখী  জনতাকে ছত্রভঙ্গ করতে যৌথবাহিনীকে এসময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষপ করতে হয়। কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই এলাকায় মোবাইল ইন্টারনেট পরিসেবা স্থগিত করেছে।

অন্যদিকে, দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রালে আজ সর্বাত্মক বনধ পালিত হয়েছে। আজ বনধের ফলে সেখানকার দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দফতর এবং গণপরিবহণ ব্যবস্থা বন্ধ রয়েছে। গত মঙ্গলবার ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হওয়ার প্রতিবাদে স্থানীয় মানুষদের পক্ষ থেকে এ নিয়ে পরপর দু’দিন ধরে বনধ পালিত হল।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১