ভারত-বাংলাদেশ সীমান্তে ৩১ রোহিঙ্গাকে নিয়ে দু’দেশে টানাপড়েন
-
বাংলাদেশ-ভারত সীমান্ত রেখায় অবস্থান করছে ৩১ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু।
ভারত-বাংলাদেশের ত্রিপুরা সীমান্তে আটকেপড়া ৩১ রোহিঙ্গা শরণার্থী নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টানাপড়েন চলছে।
বিএসএফের কর্মকর্তারা বলছেন, বিজিবি ৬ পুরুষ, ৯ নারী ও ১৬ শিশুকে আটক করেছে। বিজিবির দাবি তাঁরা ভারত থেকে থেকে এসেছে। কিন্তু বিএসএফ, বিজিবির ওই দাবি অস্বীকার করেছে। উভয়পক্ষ গত শনিবার কয়েকবার বৈঠক করলেও কোনো সুরাহা হয়নি। গত ১৮ জানুয়ারি থেকে এ নিয়ে অচলাবস্থা শুরু হয়।
বিএসএফের উপ-মহাপরিদর্শক সি এল বেলওয়া বলেন, তারা আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়ার মধ্যে আটকে আছে। তাঁরা বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা করলে আমরা তাদেরকে বাধা দিয়েছি। আমরা মানবিক কারণে তাদেরকে খাওয়ার পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েছি।
বিএসএফের ডিআইজি ব্রিজেশ কুমার বলেন, গত ১৮ জানুয়ারি রাত সাড়ে আটটায় বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবীর বিএসএফ কমান্ডান্ট রত্নেশ কুমারকে ফোন করে বলেন, সীমান্তে ৩১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বিএসএফ তাদেরকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। বিজিবির ওই দাবির তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি একে ভিত্তিহীন অভিযোগ বলে উড়িয়ে দিয়েছে বিএসএফ। বিজিবি ওই রোহিঙ্গাদের ভারতে ফিরিয়ে নেয়ার দাবি জানালে বিএসএফ কঠোরভাবে তাঁর জবাব দেয়।
এ নিয়ে গত ১৯ জানুয়ারি ও ২০ জানুয়ারি দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও অচলাবস্থা কাটেনি। বিষয়টি বিএসএফ তাঁদের দিল্লি হেড কোয়ার্টারে জানিয়েছে। সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয়।
গতকাল বিকেলে বিএসএফের ডিআইজি ব্রিজেশ কুমার সংবাদ সম্মেলনে বলেন, বিএসএফের সম্মান নষ্ট করতেই বিজিবি এ ধরণের অযৌক্তিক অভিযোগ করেছে। আটকদের মধ্যে প্রথমে ৩১ জন থাকলেও এদিন সকালে আরও দু'জন যুক্ত হয়ে তা ৩৩-এ দাঁড়িয়েছে বলেও তিনি বলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন