পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত: নরেন্দ্র মোদি
-
পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতাসীন তৃণমূলের বিদায় নিশ্চিত বলে মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক জনসভায় দেয়া ভাষণে ওই মন্তব্য করেন।
ঠাকুরনগর ও দুর্গাপুরের জনসমাবেশে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজেপির সভায় ভিড় দেখে তৃণমূল ভয় পেয়ে গেছে। দিল্লিতে বসে ভাবছিলাম, বাংলায় কেন এমন হচ্ছে? আসলে এই ভালোবাসাতেই তৃণমূলের ঘুম ছুটে গেছে।’
পশ্চিমবঙ্গে সিন্ডিকেটরাজ ও তোলাবাজির অভিযোগ তুলে রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, ‘একাধিক বড়বড় কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণ বাংলায় আটকে রয়েছে। তৃণমূল সরকার কেন্দ্রের সঙ্গে ন্যূনতম সহযোগিতাটুকুও করছে না।’
প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে কাজ করতে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘দিদি, যদি খারাপ কিছু না করে থাকেন, তা হলে এত ভয় পাচ্ছেন কেন? এত ভয় লাগছে কেন?’
প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তী বাজেটের প্রশংসা করে বাজেটে কৃষক, শ্রমিক বা মধ্যবিত্তসহ সবশ্রেণির কথা যে ভাবে ভাবা হয়েছে তা আগে কখনও হয়নি বলেও মন্তব্য করেন।
মোদি সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: মমতা
এদিকে, প্রধানমন্ত্রীর বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওনার সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। সরকারের এক্সপায়ারি ডেট এসে গেছে। উনি জানেন ওনার বিদায় আসন্ন। বিজেপির সরকারের পাঁচ বছর শেষ হয়ে গেছে। এই পাঁচ বছর ধরে মানুষকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই, ইডি এবং আইটি দিয়ে শোষণ করেছে।’
মমতা বলেন, ‘ওরা দাঙ্গা বাধিয়েছে, কৃষক হত্যা করেছে, গো-রক্ষার নামে মানুষ হত্যা করেছে, পুলিশকেও হত্যা করেছে। ভারতের কোনও রাজ্যের কোনও বিরোধী নেতা আজ স্বস্তিতে নেই, প্রত্যেকের মুখ বন্ধ করার জন্য ফ্যাসিস্ট কায়দায়, হিটলারি কায়দায় বিভিন্ন এজেন্সি দিয়ে ঘিরে রেখেছে।’
‘একজন প্রধানমন্ত্রী হিসেবে কী বলতে হয়, কি না বলতে হয়, প্রধানমন্ত্রীর আসনকে কীভাবে সম্মান জানাতে হয় কীভাবে সম্মান না জানাতে হয়, সেই সৌজন্যতাবোধ ওনার নেই’ বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
পার্সটুডে/এমএএইচ/এআর/২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন