মমতার পাশে বিরোধীরা, বিজেপি সরকারের তীব্র সমালোচনা
-
মমতার পাশে তেজস্বী যাদব ও কানিমোঝি
ভারতের বিহার রাজ্যের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, বিজেপি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করছে। যাঁরাই বিজেপির বিরুদ্ধে যাচ্ছে, তাঁদের বিরুদ্ধেই কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই, ইডি লেলিয়ে দেওয়া হচ্ছে! বিজেপির ওই প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে একজোট হওয়া উচিত।
গতকাল (সোমবার) রাতে কোলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে উপস্থিত হয়ে তেজস্বী ওই মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মমতার অবস্থানকে সমর্থন জানাতে এসে ডিএমকে নেত্রী ও সংসদ সদস্য কানিমোঝি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ের পাশে দাঁড়াতেই কোলকাতায় এসেছি। বিজেপি ফ্যাসিস্ট সরকার। কেবলমাত্র ক্ষমতার জন্য কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বিরোধীদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে মোদি সরকার। এর বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘আমরা মমতার জন্য গর্বিত। ডিএমকে মমতার পাশে আছে এবং শেষপর্যন্ত পাশে থাকবে। বিজেপি’র ক্ষমতায় ফেরার স্বপ্ন পূর্ণ হবে না।’
দেশের মানুষের নিজের নিজের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কারও নেই বলেও কানিমোঝি মন্তব্য করেন।
উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, সিবিআইকে নির্বাচনী এজেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে।
কোলকাতার পুলিশ কমিশনারের বাসায় সিবিআই তল্লাশির চেষ্টাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ওই মন্তব্য করেছেন।
অখিলেশ যাদব বলেন, ‘বিজেপি যেকোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। আসন্ন নির্বাচনে পরাজিত হওয়ার ভয় পাচ্ছে ওঁরা।’
কোলকাতার পুলিস কমিশনারকে চিটফাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদ করতে আসার প্রতিবাদ জানিয়ে অখিলেশ বলেন, ‘এটা অগণতান্ত্রিক এবং সংবিধানবিরোধী। সিবিআইকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা বন্ধ হোক।’
সোমবার সকালেই অখিলেশ যাদবের প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে আসেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ।
অন্যদিকে, বিজেপি’র ‘বিদ্রোহী’ সংসদ সদস্য শত্রুঘ্ন সিনহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সোমবার বলেন, মমতাকে আক্রমণের লক্ষ্য বানিয়ে মোদি সরকার বাংলায় আগুন নিয়ে খেলছে! কেন্দ্রের শাসকদল তার সব বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। মানুষ ওদের কথা আর বিশ্বাস করছে না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যে সবাইকে নিয়ে চলে, সেই দেশ রক্ষা করে। দেশ বাঁচাতে হলে মোদিকে তাড়াতে হবে। ‘দেশ কো বাঁচানা হ্যায়, মোদি কো ভাগানা হ্যায়’ বলে গতকাল সোমবার রাতে কোলকাতার ধর্নামঞ্চ থেকে মমতা স্লোগান তোলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন