আমি প্রাণ দেবো কিন্তু কারোর সামনে মাথা নত করব না: মমতা
https://parstoday.ir/bn/news/india-i67875-আমি_প্রাণ_দেবো_কিন্তু_কারোর_সামনে_মাথা_নত_করব_না_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রাণ দিতে হলেও দেবো কিন্তু কারও সামনে মাথা নত করব না। তিনি আজ (মঙ্গলবার) কোলকাতার ধর্নামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য ওই মন্তব্য করেন। মমতা আজ কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়কে ‘বাংলার নৈতিক জয়’ বলে মন্তব্য করেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ১৫:১২ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন মমতা বন্দোপাধ্যায়
    বক্তব্য রাখছেন মমতা বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রাণ দিতে হলেও দেবো কিন্তু কারও সামনে মাথা নত করব না। তিনি আজ (মঙ্গলবার) কোলকাতার ধর্নামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য ওই মন্তব্য করেন। মমতা আজ কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়কে ‘বাংলার নৈতিক জয়’ বলে মন্তব্য করেছেন।

মমতা বলেন, ‘আমরা বিচারব্যবস্থা ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কৃতজ্ঞ। আমরা সুপ্রীম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। এটাই আমরা চেয়েছিলাম।’

চিটফান্ড দুর্নীতি তদন্তে সিবিআই পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্যে সম্প্রতি তাঁর বাসায় হানা দিলে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে অপব্যবহার করছে বলে অভিযোগ করেন মমতা।

সিবিআই ওই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে আদালত আজ তাঁর রায়ে রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে। তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করবেন বলে শীর্ষ আদালত জানিয়েছে। মুখ্যমন্ত্রী ওই রায়কে স্বাগত জানিয়েছেন।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘কোলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার নিজে সিবিআইকে পাঁচটি চিঠি লিখে বলেছেন তিনি সিবিআইয়ের সঙ্গে কোনো নিরপেক্ষ জায়গায় দেখা করতে চান। কিন্তু, রোববার সিবিআইয়ের একটি দল তাঁর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করতে যান। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট বলেছে, তাঁকে গ্রেপ্তার করা যাবে না।’

মমতা বলেন, ‘আমরা দেশের সমস্ত সরকারি কর্মকর্তাদের সম্মান করি। কিন্তু, যখন রাজ্যের অনুমতি না নিয়ে কোনো কেন্দ্রীয় সংস্থা কোনো আইপিএস কর্মকর্তার বাসায় তাঁকে গ্রেফতার করতে হানা দেন তা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থি। আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বাঁচাতে হবে। কেন্দ্রীয় সরকার সমান্তরাল প্রশাসন চালাতে চাচ্ছে। এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি।'  

অন্যদিকে, আজ সুপ্রিম কোর্টের রায়কে ‘সিবিআইয়ের জয়’ বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সিবিআই রাজীব কুমারকে গ্রেফতার করতে চায়নি, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল বলেও বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন। #

পার্সটুডে/এমএএইচ/এআর/৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন