সিবিআইয়ের ভয় দেখিয়ে মমতাকে দমিয়ে রাখা যাবে না: অভিষেক
https://parstoday.ir/bn/news/india-i67914-সিবিআইয়ের_ভয়_দেখিয়ে_মমতাকে_দমিয়ে_রাখা_যাবে_না_অভিষেক
তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের ভয় দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখা যাবে না। গতকাল (বুধবার) পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ওন্দায় দলীয় এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ০৮:৫০ Asia/Dhaka
  • অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি
    অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি

তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের ভয় দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখা যাবে না। গতকাল (বুধবার) পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ওন্দায় দলীয় এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি’র তীব্র সমালোচনা করে বলেন, ‘২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি, অমিত শাহদের দেয়া প্রতিশ্রুতি কোথায় গেল? দু’কোটি বেকারের চাকরি ও প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পনের লাখ টাকা কোথায়’

বাংলার সঙ্গে কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করছে অভিযোগ করে তিনি বলেন, ‘সাম্প্রতিক বাজেটে বাংলা কী পেল? ক’টা নতুন ট্রেন পেল?’ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকার সময় বাংলা কী পেয়েছিল তার সঙ্গে বৈষম্যপূর্ণ সাম্প্রতিক বাজেটের তুলনা করার কথাও তিনি বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হলে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, স্বচ্ছ এক সরকার মানুষ উপহার পাবেন বলে তিনি দাবি করেন।

জনসভার নারীদের বিপুল উপস্থিতি

অভিষেক এদিনের সভা মঞ্চ থেকে সকলের উদ্দেশ্যে দেশ থেকে বিজেপিকে  হটানোর ডাক দেন। কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে তিনি বলেন, ‘বাংলার  মাটি আমাদের বীর যোদ্ধাদের মাটি, এই মাটি দুর্জয় ঘাঁটি। এই মাটি আর যাই হোক মাথানত করতে জানে না। এই মাটি বশ্যতা স্বীকার করতে জানে না। এখানে যদি সিবিআই লাগাতে চাও, মাথায় রাখবে বাংলার মানুষের কাছে ‘দশ গোল’ খেয়ে আবার দিল্লিতে ফিরে যেতে হবে। কোনও অস্তিত্ব এই বাংলার মাটিতে থাকবে না। তোমরা ভাবছ ধমকে, চমকে মমতা বন্দোপাধ্যায়কে আটকে রাখা যাবে। আরে, এই দলটা বুথ দখল করে, নির্বাচনে রিগিং করে জ্যোতিবাবুর মত ৩৪ বছর ক্ষমতায় ছিল না। এই দল মানুষের আশা, আশীর্বাদ, দোয়া, ভালোবাসা, সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। এই দল মানুষের দল। এই দলকে কখনো কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্রের মধ্য দিয়ে সরানো যাবে না।’

মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দেখিয়েছেন, গোটা ভারতবর্ষ আজ সেই পথে হাঁটতে চাচ্ছে বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৭  

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন