মোদি ৫৬ ইঞ্চি ছাতি দেখিয়ে ৫৬০ ইঞ্চির মিথ্যা বলে বেড়ান: মমতা
https://parstoday.ir/bn/news/india-i69427-মোদি_৫৬_ইঞ্চি_ছাতি_দেখিয়ে_৫৬০_ইঞ্চির_মিথ্যা_বলে_বেড়ান_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, ‘মোদি ছাপান্ন ইঞ্চি ছাতি দেখিয়ে ৫৬০ ইঞ্চির মিথ্যা কথা বলে বেড়ান।' তিনি আজ (সোমবার) কুচবিহারে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৮, ২০১৯ ১৬:২০ Asia/Dhaka
  • মোদি ৫৬ ইঞ্চি ছাতি দেখিয়ে ৫৬০ ইঞ্চির মিথ্যা বলে বেড়ান: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, ‘মোদি ছাপান্ন ইঞ্চি ছাতি দেখিয়ে ৫৬০ ইঞ্চির মিথ্যা কথা বলে বেড়ান।' তিনি আজ (সোমবার) কুচবিহারে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

মমতা বিজেপির কঠোর সমালোচনা করে বলেন, ‘আমি বিজেপি-মোদিকে ভয় পাই না। ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে। ৫৬ ইঞ্চি ছাতি দেখিয়ে ৫৬০ ইঞ্চির মিথ্যে বলে বেড়ান মোদি। যাঁরা গণতন্ত্রকে স্তব্ধ করতে চায়, তাদের আপনারা স্তব্ধ করে দিন।’

মমতা বলেন, ‘নোট বাতিলের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে ভোট দিন, শান্তির জন্য ভোট দিন, একতার জন্য ভোট দিন। বিজেপি যেন বাংলার মাটির দিকে তাকাতে না পারে, এমনভাবে ভোট দিন।’

তিনি বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে দেশে স্বাধীনতা বলে আর কিছু থাকবে না। দেশে এখন ফ্যাসিবাদী, স্বৈরাচারী সরকার চলছে। প্রতিবাদ করলেই গোয়েন্দা লেলিয়ে দিচ্ছে। কিন্তু আমি ওদের ভয় পাই না। মোদি পাঁচ বছর ধরে শুধু বিদেশ ঘুরেছেন। দামি জামা-কাপড় পরে ঘুরে বেড়িয়েছেন।’

আরএসএস বিজেপিকে টার্গেট করে মমতা বলেন, ‘গান্ধীজিকে কারা হত্যা করেছিল? নেতাজিকে কারা সম্মান দেয়নি? স্বাধীনতা আন্দোলনে যারা অংশ নেয়নি, তাদের কাছ থেকে আজ দেশপ্রেম শিখতে হবে? গো-রক্ষার নামে তাণ্ডব চালাচ্ছে আরএসএস। ‘চৌকিদার’ শুধু মিথ্যে কথা বলেন। এমন মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আগে দেখিনি! বিনাশকালে মোদির বুদ্ধিনাশ হয়েছে। ‘চৌকিদার চোর হ্যায়’ বলে মানুষ মন্তব্য করছে।’

বাংলায় কোনোভাবেই জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি করতে দেয়া হবে না বলেও মমতা এদিন সাফ জানিয়ে দেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮