লোকসভার নির্বাচনি লড়াইয়ে মোদিকে ছাড়ব না: মমতা
https://parstoday.ir/bn/news/india-i69445-লোকসভার_নির্বাচনি_লড়াইয়ে_মোদিকে_ছাড়ব_না_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, লোকসভার নির্বাচনি লড়াইয়ে মোদিকে ছাড়ব না, বিজেপিকেও ছাড়ব না। তিনি আজ (মঙ্গলবার) রায়গঞ্জে দলীয় এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেছেন।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
এপ্রিল ০৯, ২০১৯ ১২:৫৮ Asia/Dhaka
  • রায়গঞ্জে মমতা বন্দোপাধ্যায়
    রায়গঞ্জে মমতা বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, লোকসভার নির্বাচনি লড়াইয়ে মোদিকে ছাড়ব না, বিজেপিকেও ছাড়ব না। তিনি আজ (মঙ্গলবার) রায়গঞ্জে দলীয় এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেছেন।

মমতা বলেন, ‘লড়তে হলে লড়ব, করতে হলে করব কিন্তু মোদিকে ছাড়ব না, বিজেপিকে ছাড়ব না। এটা আমাদের বাঁচা মরার লড়াই। এই লড়াইয়ে সবাই মিলে শপথ নিন। মোদিবাবুকে বদলে দিন। দিল্লির সরকার পাল্টে দিন। বিজেপিকে বিদায় দিন। ভারতে বাংলা পথ দেখাবে, বাংলা সরকার গড়বে, বাংলা জয় করবে। বাংলাই আগামীদিন ভারত সরকার গঠন করবে।’

মমতা বলেন, ‘আগামীদিন ভারতে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস। অন্য কোনও রাজনৈতিক দল নয়। আমরা রাজ্যে রাজ্যে জোট তৈরি করেছি। বিজেপি অন্ধ্র প্রদেশে হারবে, বিহারে গোহারা হারবে, ঝাড়খণ্ডে পুরো হারবে, উত্তর প্রদেশে পুরো হারবে, রাজস্থানে পুরো হারবে, মধ্য প্রদেশে পুরো হারবে, গুজরাটে পুরো হারবে, পাঞ্জাবে পুরো হারবে, তামিলনাড়ুতে ‘জিরো’  পাবে, কেরালাতে ‘জিরো’ পাবে, বাংলায় ‘জিরো’ পাবে, উড়িষ্যায় ‘জিরো’ পাবে। তাহলে ওরা সরকারটা কীভাবে গঠন করবে?’  

তিনি বলেন, ‘সরকার যদি গঠন করতে হয়, কংগ্রেস যদি মনে করে আমরা গড়ব, তারা তো তিন/চারটে রাজ্যে আছে কীভাবে করবে? অর্থাৎ সবাই ছাড়া হবে না। তোমার একার দিয়ে হবে না। তুমি (কংগ্রেস) যদি লড়াইটা আর একটু ভালো করে করতে তাহলে বিজেপির এতো বাড়বাড়ন্ত হতো না। তোমাদের প্রশ্রয়ে ওরা এরকম হয়েছে।’    

বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে মমতা বলেন, ‘যারা পাঁচ বছরে মানুষকে লুটে নিয়েছে, এরপরে যদি মোদিরা কোনোভাবে জেতে ব্যাঙ্কের টাকা কেউ পাবেন না। এখনই বলছে ব্যাঙ্কের টাকা এক লাখ টাকার বেশি কেউ তুলতে পারবে না, আমি অর্থমন্ত্রীর একটা বিবৃতিতে দেখছিলাম। তাহলে কী হবে? আপনার টাকা লুটে নেবে, আপনার ধর্ম লুটে নেবে, আপনার পরিবার লুটে নেবে, আপনার রাজনীতি লুটে নেবে, আপনার অধিকার লুটে নেবে, কী থাকবে পড়ে? দেশের স্বাধীনতা লুটে নেবে, দেশের গণতন্ত্র লুটে নেবে। দেখতে তো পাচ্ছেন, সবই দখল করে নিয়েছে। দু’দিন বাদে দেখবেন তপশিলি ভাই-বোনেরা আম্বেদকরজির যে সংবিধান তাও বদলে দেবে। কারণ নরেন্দ্র মোদি নিজের প্রচার ছাড়া আর কিছু করে না।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে মমতা বলেন, ‘এরকম দুর্যোধন, দুঃশাসনের মন্ত্রিসভা আগে কখনো হয়নি ভারতে। ফ্যাসিবাদের সম্রাট। ফ্যাসিবাদী সম্রাট, হিটলার বেঁচে থাকলে আজ লজ্জায় দড়ি-কলসি নিয়ে আত্মহত্যা করতেন। বাপরে! কী সাঙ্ঘাতিক লোক! চোখ দুটোর দিকে তাকালে মনে হবে গিলে খেয়ে নেবে একেবারে! দাঙ্গা করতে করতে হাতে খড়ি। কত মানুষকে এরা মেরেছে দাঙ্গায় গুজরাটে? কেউ আমরা সেকথা ভুলে যায়নি।’

আমরা চাই ভারত থেকে মোদি বাবু বিদায় নিক, বিজেপি বিদায় নিক তারপরে আমরা দেশটাকে গড়ে নেবো বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৯