ভারতের আগামী দিনের প্রধানমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়: জ্যোতিপ্রিয় মল্লিক
-
বক্তব্য রাখছেন জ্যোতিপ্রিয় মল্লিক
ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে কেন্দ্রীয় সরকার গঠিত হবে। ভারতের আগামী দিনের প্রধানমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা আপনারা জেনে রেখে দিন। বাংলায় ৪২ লোকসভা আসনের মধ্যে ৪২টিতেই জয়ী হবে তৃণমূল।’
তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা ব্লকের রনঘাটে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা ঠাকুরের সমর্থনে এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি প্রসঙ্গে সবাইকে সতর্ক করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘বাংলায় কোনওভাবেই এনআরসি চালু করতে দেওয়া হবে না। আমরা এনআরসি চালু করতে দেবো না।’
তিনি বলেন, এনআরসি চালু হলে অনেককে বাংলাদেশে চলে যেতে হবে বলে বিজেপি যা বলছে তা কোনোভাবেই হবে না। এটা নরেন্দ্র মোদির বাবার সম্পত্তি নয় যে নরেন্দ্র মোদি যা ভাববে তাই হবে। এটা রুখে দেওয়ার জন্য সোচ্চার হতে হবে। আমরা এনআরসি চালু করতে দেবো না। এনআরসি চালু করে আপনাকে তাড়িয়ে দেবে ওরা। আপনি কখন এখানে এসেছেন ওসব ওরা জানতে চায় না।’

তিনি বলেন, ‘(কেন্দ্রীয় তদন্ত সংস্থা) সিবিআই, ইডি দিয়ে ভয় দেখানো চলবে না। আমরা মৃত্যুবরণ করব কিন্তু ওদের দলের (বিজেপি) পায়ে পড়ব না। ওরা অসভ্যের দল। বিভাজনের রাজনীতি করে, হিংসার রাজনীতি করে।’
এদিন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাঁর ভাষণে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে উন্নয়ন হয়েছে সেসব তুলে ধরে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা ঠাকুরকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
ওই সমাবেশে বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য, জেলা তৃণমূল নেতা রতন ঘোষ, বনগাঁর সাবেক বিধায়ক গোপাল শেঠ, বনগাঁ নীলদর্পণ ব্লকের সভাপতি নন্দদুলাল বসু-সহ বাগদা ব্লকের তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৯