দেশ বাঁচাতে হলে বিজেপিকে হটান, প্রথম ভোটটা তৃণমূলকে দিন: মমতা
-
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দেশকে বাঁচাতে হলে বিজেপিকে হটান। মেহেরবানি করে প্রথম ভোটটা তৃণমূলকে দিন। কারণ আমরাই পারি বিজেপির সঙ্গে লড়তে। এখানে কংগ্রেস, বিজেপি আর সিপিএম মিলেমিশে রামধনু। এদের ভোট নয়।’
লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (শনিবার) শিলিগুড়ির বাঘাযতীন পার্কে আয়োজিত দলীয় সমাবেশে মমতা ওই মন্তব্য করেন।
নতুন ভোটারদের উদ্দেশ্যে মমতা বলেন, 'আবেদন জানিয়ে গেলাম, আপনাদের শুভেচ্ছা, আশীর্বাদ আর দোয়া থেকে যেন বঞ্চিত না হই।'
মমতা বলেন, ‘গত পাঁচ বছরে সাধারণ মানুষের জন্য মোদি বাবু কোনো কাজই করেননি। এখন এসব থেকে দৃষ্টি ঘোরাতে সেনাবাহিনী ও দেশভক্তি নিয়ে রাজনীতি শুরু করেছেন। যারা স্বাধীনতা আন্দোলন জানে না, স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো অংশগ্রহণ ছিল না, তারা শেখাবে দেশভক্তি!’
মমতা কটাক্ষ করে বলেন, ‘এখন আবার আরএসএস। গেরুয়া ঝাণ্ডা হাতে ডাণ্ডা, সঙ্গে গুণ্ডা। ভাবছে এভাবে দেশ করবে ঠাণ্ডা। এবার আর তা হবে না।’ বিজেপির বিরুদ্ধে একটা করে ভোট, মোদি হটানোর জনতা জোট বলে মমতা মন্তব্য করেন।
বিজেপি’র উদ্দেশ্যে মমতা বলেন, ‘ধর্মের নামে সৃষ্টিছাড়া কাজ চলছে। অনাচার বলা যায়। সম্প্রতি কিছু রাজনৈতিক দল এহেন মিথ্যা ধর্মের আমদানি করেছে যা বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যের পরিপন্থী। মিথ্যে ধর্মের আমদানি করে তাঁরা একে অপরের উপরে অত্যাচার করছে, সন্ত্রাস করছে। এরা হল ‘ফ্যাসিবাদী শক্তি’। এদের আমরা মানবিক শক্তি বলি না বা রাষ্ট্রীয় শক্তি বলি না।’
বিজেপি-আরএসএসের উদ্দেশ্যে মমতা বলেন, ‘আজকে কৈফিয়ত দিতে হবে। শুধু ‘ধর্মের পতাকা’ লাগালে হবে না। ধর্ম বেচে খাবেন না।’
‘ধর্মকে আমরা সম্মান করি, ঠাকুরের আসনে রাখি, মন্দিরে, মসজিদে, গুরুদোয়ারায়, গির্জায় রাখি। ধর্মকে নিয়ে আমরা রাজনীতি করতে নামি না’ বলেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৪