সিপিএম-কংগ্রেসকে ভোট দিলে বিজেপি শক্তিশালী হবে: মমতা
https://parstoday.ir/bn/news/india-i69587-সিপিএম_কংগ্রেসকে_ভোট_দিলে_বিজেপি_শক্তিশালী_হবে_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিপিএম-কংগ্রেসকে ভোট দিলে বিজেপি শক্তিশালী হবে। লোকসভা নির্বাচন উপলক্ষে মুর্শিদাবাদের ভগবানগোলায় আজ (সোমবার) এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১৫, ২০১৯ ১২:৫৮ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিপিএম-কংগ্রেসকে ভোট দিলে বিজেপি শক্তিশালী হবে। লোকসভা নির্বাচন উপলক্ষে মুর্শিদাবাদের ভগবানগোলায় আজ (সোমবার) এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

সিপিএম, বিজেপি ও কংগ্রেসের সমালোচনা করে মমতা বলেন, ‘সিপিএম-কংগ্রেস-বিজেপি সব এক। কংগ্রেসের প্রণব মুখার্জির (সাবেক রাষ্ট্রপতি) ছেলে অভিজিৎ মুখার্জি জঙ্গিপুরে প্রার্থী হয়েছেন। তাঁর হয়ে আরএসএসের প্রচারকরা সাহায্য করছে। বহরমপুরে অধীর চৌধুরীর (কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি) হয়ে কাজ করছে।’  

মমতা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘পাঁচ বছর আগে উনি বলেছিলেন, আমি চাওয়ালা। কিন্তু এখন বলছে আমি ‘চৌকিদার’। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, এই চৌকিদার আপনারা চান? কয়েক হাজার জনতার মধ্যে থেকে সমস্বরে জবাব আসে, ‘না’।

 মমতা বলেন, ‘আমরা গান্ধীজি, নেতাজি, মাওলানা আবুল কালাম আজাদ, ভগত সিং, বাবা সাহেব আম্বেদকরের মতো দেশনেতাকে চাই। কিন্তু এই ‘চৌকিদার’ নেতা আমরা চাই না।’

মমতা বিজেপির হিন্দুত্ববাদের সমালোচনা করে বলেন, ‘আমি হিন্দুর ধর্মের মেয়ে কিন্তু আমি বিজেপির হিন্দু ধর্মে বিশ্বাস করি না। ওটা হিন্দু ধর্ম নয়। ওটা আমদানি করা একটা দানবিক ধর্ম। হিন্দু ধর্ম এটা নয়। ওরা অন্য হিন্দু ধর্ম আমদানি করেছে। এটা ভারতের ধর্ম নয়, এটা বাংলার ধর্ম নয়। এই হিন্দু ধর্মে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংস দেব, স্বামী বিবেকানন্দ, মা-কালীকে, মা-দুর্গা থেকে শুরু করে করে যত দেবদেবী আছে সবাইকে। একইসঙ্গে আমি রমজান মাস বিশ্বাস করি, রোজা বিশ্বাস করি, আমি ইফতার বিশ্বাস করি, আমি ঈদ বিশ্বাস করি, বকরি ঈদ বিশ্বাস করি, আমি মহররমকে মানি। আমি বড়দিন বিশ্বাস করি আমি সব ধর্মকে ভালোবাসি।’

মমতা বলেন, ‘এই দেশকে যারা তছনছ করতে চায় তাদেরকে প্রতিহত করতে কংগ্রেস ও সিপিএমকে ভোট দেবেন না। ভোট ভাগাভাগি হলে বিজেপির হাত শক্তিশালী হবে। আমরা চাই না বিজেপি জিতুক।’

মমতা বলেন, বিজেপি জয়ী হলে ভারতের গণতন্ত্র, সংবিধান, কোনো ধর্ম থাকবে না। একমাত্র মোদি বাবু আর অমিত বাবুর (অমিত শাহ, বিজেপি সভাপতি) সাইনবোর্ড ছাড়া সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আর কংগ্রেস ও সিপিএম যারা বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলতে চায় তাঁরা টিমটিম করে জ্বলবে। এভাবে দেশ চলতে পারে না।’

তাঁরা সব রাজ্যের আঞ্চলিক দলকে নিয়ে দিল্লিতে ধর্মনিরপেক্ষ সরকার গড়বেন এবং বিজেপিকে ক্ষমতায় আসতে দেবেন না বলেও মমতা মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৫