আমরা ধর্মের নামে কোনো বিভাজন বরদাস্ত করব না: মমতা
-
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমরা ধর্মের নামে বিভাজন বরদাস্ত করব না।' লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচকে দলীয় জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন। মমতা এদিন পাকুয়াহাট ও সামসীতেও জনসভায় ভাষণ দেন।
মমতা বিজেপিকে টার্গেট করে বলেন, "ওরা বলে দেয় কী খাব, কি পরব। এটা কিসের গণতন্ত্র? এটা আমরা চাই না। ওরা অসমে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করে ওরা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। আমরা এটা চালু হতে দেবো না। আমরা জবাব দেবো ‘ন্যাশনাল বিদায় সার্টিফিকেট’ ‘এনবিসি’ দিয়ে। আমরা নিশ্চিত করব ওরা যাতে ভারতছাড়া হয়। আমরা ওদেরকে পরিবর্তন করে মানুষের সরকার উপহার দেবো, যে সরকার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে কাজ করবে।"

মমতা এদিন পাকুয়াহাটে দলীয় জনসভায় ভাষণ দেয়ার সময় সাফ জানিয়ে দেন- "আমরা এনআরসি সমর্থন করি না। অসমে যখন চল্লিশ লাখ মানুষ বিপদে পড়েছিল (এনআরসি থেকে নাম বাদ পড়েছিল) তখন সিপিএম, কংগ্রেস কেউ যায়নি, বাংলা থেকে আমি প্রতিনিধি পাঠিয়েছিলাম সেখানে। কিন্তু তাদের অসমে ঢুকতে দেয়া হয়নি। তাদেরকে মারধর করা হয়েছে। পাঁচজন বাঙালিকে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। কত লোক আত্মহত্যা করেছে। এনআরসিতে স্বামীর নাম আছে কিন্তু স্ত্রীর নাম নেই! মায়ের নাম আছে ছেলের নাম নেই! ছেলের নাম আছে মেয়ের নাম নেই। পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে!"
তিনি বলেন, অসমে, দিল্লিতে (কেন্দ্রীয় সরকার) বিজেপি সরকার। ওরা এনআরসি করে। এখানে তৃণমূল কংগ্রেসের সরকার, বাংলা এনআরসি করে না। বাংলা এসব ভাগাভাগি করে না। বাংলা কাউকে তাড়ায় না বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৮