অনুপ্রবেশকারীদের মদদদাতাদের হাত থেকে বাংলাকে মুক্ত করা হবে: মোদি
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলাকে তোলাবাজ, অনুপ্রবেশকারীদের মদতদাতাদের হাত থেকে মুক্ত করতে হবে। লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের বোলপুরে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূলকে তোলা না দিলে এখানে কাজ হয় না। দিল্লির ভর্তুকিতেও তোলাবাজি চলছে! বাংলার উন্নয়নের সবচেয়ে বড় স্পীডব্রেকার হচ্ছেন মমতা ব্যানার্জি। ভোটব্যাঙ্কের জন্য অনেকে রাজনীতি করেন। দিদি এয়ারস্ট্রাইক নিয়েই প্রশ্ন তুলছেন। দেশের চৌকিদার সন্ত্রাসীদের ঘরে ঢুকে মেরে এসেছে। আর, দিদি ‘অনুপ্রবেশ’ টপগিয়ারে নিয়ে এসেছেন। বিশ্বের অনেক দেশ ভারতের সঙ্গে সমঝোতা করছে, বিদেশে টাকা রাখলে ভারত খবর পাচ্ছে, এটা চা-ওয়ালা মোদির বিদেশ সফরের সুফল।’
প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘দিদি বলেছেন, চা-ওয়ালা বিদেশ ঘুরে বেড়িয়েছে। আরে দিদি, আজ যে সারা বিশ্ব ভারতকে শ্রদ্ধা ও সম্মান দিচ্ছে তা চা-ওয়ালা মোদির বিদেশ সফরের সুফল। ভারতের ঐতিহ্য, কৃষ্টিকে বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কখনও ভাবেননি যে, বাংলার মানুষকে অধিকারের জন্য লড়াই করতে হবে। তৃণমূল বাহিনী গুরুদেবের শান্তিনিকেতনের শান্তিকে বিঘ্নিত করছেন।’তিনি বলেন, ‘দিদির কাছে গুন্ডাদের ক্ষমতা থাকলে, আমাদের কাছে আছে গণতন্ত্রের শক্তি। বাংলার ভালোবাসা আমাকে নতুন শক্তি দিয়েছে। বীর, নিঃস্বার্থ, দেশপ্রেমিক ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভূমি এই বাংলা তোলাবাজ, অত্যাচারী, অনুপ্রবেশকারীদের মদদদাতাদের হয়ে গেছে। বাংলাকে এদের হাত থেকে মুক্ত করতে হবে।’বাংলায় সুষ্ঠুভাবে গণতন্ত্র পরিচালিত করার জন্য নির্বাচন কমিশনকে শুভেচ্ছা ও ধন্যবাদ। কিন্তু, দিদির রাগ হচ্ছে। গুন্ডারাজ কায়েম করতে পারছে না বলে, দিদি নির্বাচন কমিশনকে গালাগালি দিচ্ছেন বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৪