মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূলের অভিযোগ, প্রার্থীপদ বাতিলের দাবি
-
নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস। নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগে তাঁর প্রার্থীপদও বাতিল করার দাবি জানিয়েছে দলটি।
গতকাল (সোমবার) পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে নির্বাচনি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, তাঁর সঙ্গে তৃণমূলের ৪০ জন বিধায়ক যোগাযোগ রাখছেন। ২৩ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই ওই বিধায়করা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের পরেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলে পাল্টা তাঁকে ‘মেয়াদ ফুরনো প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন।
এরপরেই আজ (মঙ্গলবার) তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ দায়ের করেছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এ ধরনের মন্তব্যে আমরা মর্মাহত। এটা প্রধানমন্ত্রীর পদমর্যাদার পক্ষে শোভনীয় নয়। উনি ভুল ও বিকৃত তথ্যের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। এই শঠতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অভিযোগপত্রে 'ঘোড়া কেনাবেচা'র প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূলের অভিযোগ, মোদির ওই মন্তব্য নির্বাচনে ‘ঘোড়া কেনাবেচা’র স্পষ্ট ইঙ্গিত। এপ্রসঙ্গেই নির্বাচন কমিশনকে মোদির প্রার্থীপদ বাতিলের আবেদন জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। দলটির যুক্তি, মোদির ওই দাবির পক্ষে প্রমাণ দাখিল করতে বলুক কমিশন এবং সেটা করতে না পারলে তাঁর প্রার্থীপদ বাতিল করা হোক।
অন্যদিকে, আজ (মঙ্গলবার) ভদ্রেশ্বরে এক নির্বাচনি সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই দাবি অসাংবিধানিক বলে অভিহিত করে বলেন, প্রচারে এসে মোদি টাকা দিয়ে দল ভাঙানোর কথা বলছেন, যা একেবারেই অসাংবিধানিক এবং এর জন্য মোদির প্রার্থীপদ বাতিল হওয়া উচিত।#
পার্সটুডে/এমএএই্চ/এআর/৩০