নরেন্দ্র মোদি ইতোমধ্যেই হেরে গেছে: মমতার দাবি
https://parstoday.ir/bn/news/india-i70431-নরেন্দ্র_মোদি_ইতোমধ্যেই_হেরে_গেছে_মমতার_দাবি
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদি ইতোমধ্যেই হেরে গেছে। গোটা ভারতবর্ষ হারিয়ে দিয়েছে। ‘হেরো বাবু’ হেরে গেছে। তিনি আজ (বৃহস্পতিবার) মথুরাপুরে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ১৬, ২০১৯ ১১:৩৫ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদি ইতোমধ্যেই হেরে গেছে। গোটা ভারতবর্ষ হারিয়ে দিয়েছে। ‘হেরো বাবু’ হেরে গেছে। তিনি আজ (বৃহস্পতিবার) মথুরাপুরে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

মমতা এদিন, কেন্দ্রীয় বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনায় সোচ্চার হন। বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

মমতা বলেন, ‘মনে রাখবেন নরেন্দ্র মোদিকে যদি এই বাংলার লোক একটি ভোটও দেয় তাহলে এরচেয়ে বড় অবিশ্বাস্য কাজ আর কিছু হবে না! গতকালও (মোদি) মিথ্যে কথা বলে গেছে (পশ্চিমবঙ্গে) আমি তিনশ’ আসন পাবো! আসলে ওরা একশ’ পাবেন কিনা সন্দেহ আছে।’  

মমতা বলেন, ‘বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়া হয়েছে। বিদ্যাসাগর কলেজ থেকে কোলকাতা বিশ্ববিদ্যালয় অমিত শাহের নেতৃত্বে বিজেপি যে গুণ্ডামি করেছে আগামীদিনে এর বদলা নিতে হবে। আমাদের মনীষীদের গায়ে হাত দেয়ায় ছেড়ে কথা কেউ বলবে না। লজ্জাও করে না, ওই ‘মিথ্যেবাদী প্রধানমন্ত্রী’র! উত্তর প্রদেশের সভায় বলেছে আমি ওটা বানিয়ে দেবো। বাংলার টাকা আছে বিদ্যাসাগরের মূর্তি বানানোর। দুইশ’ বছর আগেকার ঐতিহ্য ফিরিয়ে দিতে পারবে? জীবন গেলে জীবন ফিরিয়ে দিতে পারবে? দুইশ’ বছরের ঐতিহ্য তুমি ভেঙে দিলে, এর সব ভিডিও প্রমাণ রয়েছে। আর তুমি বলছ তৃণমূল কংগ্রেস ওই কাজ করেছে! লজ্জা করে না! কান ধরে উঠবস করা উচিত এই প্রধানমন্ত্রীর একবার নয়, লক্ষবার মিথ্যে কথা বলার জন্য। মিথ্যেবাদী। প্রমাণ করো, তা নাহলে তোমাকে কিন্তু আমরা জেলে টানব। আমরা ছেড়ে কথা বলার লোক নই। আমাদের কাছে প্রমাণ  আছে। আইন তাঁর নিজস্ব পথে চলবে।’ 

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন,  ‘তোমার নেতা ওই অমিত শাহ কী বলে গেছে বাংলায়? বাঙাল, ‘কাঙাল’? বাঙালকে ‘কাঙাল’ বলে গেছে তোমার দল। সেজন্য বাংলার একটা মানুষও বিজেপি করবেন না। বিজেপির সঙ্গে যাবেন না। যারা ওদের সাথে যাবেন তাঁরা জেনে রাখুন আগামীদিনে সমাজ তাদের গ্রহণ করবে না। ভালোবাসবে না।’

আরএসএসের মত এত বিপজ্জনক এত মৌল উগ্রবাদী আর কেউ নেই। এরা মৌলবাদী, উগ্রবাদী। এরা বিদ্বেষ ছড়ায়, সমাজে দাঙ্গা বাধায় বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬