বুথ ফেরত জরিপে মোদিই প্রধানমন্ত্রী, মমতা বললেন 'বিজেপি হারবেই'
https://parstoday.ir/bn/news/india-i70529-বুথ_ফেরত_জরিপে_মোদিই_প্রধানমন্ত্রী_মমতা_বললেন_'বিজেপি_হারবেই'
ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের পর বিভিন্ন সংস্থা যে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ১৯, ২০১৯ ১৮:২৯ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি
    নরেন্দ্র মোদি

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের পর বিভিন্ন সংস্থা যে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়।

তিনি এক টুইটার বার্তায় বলেছেন, “আমি এই বুথ ফেরত সমীক্ষার গল্পগুজবে বিশ্বাস করি না। গুজব ছড়িয়ে দিয়ে হাজার হাজার ইভিএম পাল্টে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমি সমস্ত বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং সাহসী থাকার আহ্বান জানাচ্ছি। এই লড়াই আমরা সবাই একসঙ্গে লড়ব।’’

সদ্য সমাপ্ত নির্বাচনের অধিকাংশ বুথ ফেরত জরিপে বলা হয়েছে, লোকসভার মোট ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৩০৩টি আসন পেতে পারে। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১২৬টি আসন। অন্য আঞ্চলিক দলগুলো পেতে পারে ১১৮ আসন।

 মমতা বন্দ্যোপাধায়

এবিপি নিউজ ও এসি নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ২৪টি আসন। বিজেপি ১৬টি। আর কংগ্রেস দুটি আসন। বাম দল পাচ্ছে না একটি আসনও। টাইমস নাউ ও ভিএমআর বলছে তৃণমূল পাচ্ছে ২৮টি আসন। আর বিজেপি ১১টি এবং কংগ্রেস ২টি আসন। এই সংস্থা অন্যান্যদের জন্য একটি আসন রেখেছে। অন্যদিকে সি-ভোটার ইঙ্গিত দিয়েছে তৃণমূল ২৯, বিজেপি ১১ ও কংগ্রেস ২টি আসন পাবে। সিএমএক্স বলেছে, তৃণমূল ২৬, বিজেপি ১৪ ও কংগ্রেস ২টি আসন। ইন্ডিয়া টুডের হিসেবে তৃণমূল ১৯-২২, বিজেপি ১৯-২৩ এবং কংগ্রেস ০–১টি আসন পেতে পারে। সব সমীক্ষায় একটাই মিল, বামদলগুলোর জোট এবার লোকসভায় কোনো আসন পাচ্ছে না।

তবে ভারতের রাজনৈতিক দলগুলো এই জরিপ মানতে নারাজ। তাদের মতে, লোকসভা ভোটের ফল ত্রিশঙ্কু হবেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বুথফেরত জরিপ প্রত্যাখ্যান করে বলেছেন, ‘এবার বিজেপি হারবেই। ওরা গুজব ছড়িয়ে মিথ্যাকে সত্য করতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’

একই সুরে কথা বলেছেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও’‌ব্রায়েনও। তিনি টুইট করে লেখেন, “দিল্লি মিডিয়া কি তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে? তথাকথিত বুথফেরত সমীক্ষা আসলে ধন্দ তৈরি করছে। আমরা মানুষের রায়ের জন্য অপেক্ষা করছি।”‌

এবারের ভোট ফেরত সমীক্ষা বাস্তবসম্মত কিনা তা জানা যাবে ২৩ মে তারিখে। ওই দিনই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।