বিজেপির ‘অভিনন্দন যাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ
https://parstoday.ir/bn/news/india-i71055-বিজেপির_অভিনন্দন_যাত্রা’কে_কেন্দ্র_করে_সংঘর্ষ_লাঠিচার্জ_কাঁদানে_গ্যাস_নিক্ষেপ
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে নিষেধাজ্ঞা অমান্য করে বিজেপির ‘অভিনন্দন যাত্রা’কে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ এক পুলিশ কর্মকর্তা ও এক সিভিক ভলেন্টিয়ারসহ ১০/১২ জন আহত হয়েছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৮, ২০১৯ ১৪:৩১ Asia/Dhaka
  • বিজেপির ‘অভিনন্দন যাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে নিষেধাজ্ঞা অমান্য করে বিজেপির ‘অভিনন্দন যাত্রা’কে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ এক পুলিশ কর্মকর্তা ও এক সিভিক ভলেন্টিয়ারসহ ১০/১২ জন আহত হয়েছেন।

আজ (শনিবার) গঙ্গারামপুরে পুলিশকে লক্ষ্য করে বিজেপি সমর্থকরা ইটবৃষ্টি শুরু করলে তারা আহত হন। বিজেপি কর্মীরা এসময় লাঠি ও বাঁশ দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব চালায়। পুলিশ এসময় পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা চালায়। ওই ঘটনায় তাদের ১০/১৫ জন কর্মী আহত হয়েছেন বলে বিজেপির দাবি।   

ফিরহাদ হাকিম

এ প্রসঙ্গে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘ওরা নিজেরাই অশান্ত পরিবেশ সৃষ্টি করবেন। নিজেরাই বলবেন আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। ওরাই বলবেন রাজ্যে ৩৫৬ ধারা জারি করতে হবে। ভাবছে কেন্দ্রীয় সরকার হাতে আছে যা বলব, তাই হবে। বাংলার মানুষ এই অত্যাচার মেনে নেবে না। একটা পরিস্থিতিতে হয়তো কিছু মানুষ ওনাদের ভোট দিয়েছেন। কিন্তু এদের দেখে ভয়ে আতঙ্কিত হচ্ছে মানুষ! বিদ্যাসাগর পর্যন্ত ওদের আক্রমণের হাত থেকে বাঁচছে না। মানুষ কী করে আক্রমণের হাত থেকে বাঁচবে।’

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর এবং গঙ্গারামপুর এলাকায় গতকাল (শুক্রবার) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে ১৪৪ ধারা জারি করার ঘোষণা দেয়া হয়। কিন্তু তা সত্ত্বেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সংবর্ধনাকে কেন্দ্র করে আজ দুটি জায়গাতেই ‘অভিনন্দন যাত্রা’র নামে বিজয় মিছিল বের করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রাজ্যে সবধরণের বিজয় মিছিল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। 

দিলীপ ঘোষ

আজ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে নিষেধাজ্ঞা অমান্য করে বিজেপি কর্মীরা মিছিল করলে পুলিশ নিষেধাজ্ঞার কথা জানিয়ে তাদেরকে ব্যারিকেড করে বাধা দেয়। যদিও পুলিশি বাধা উড়িয়ে দিয়ে মিছিল এগিয়ে গেলে এসময় উভয়পক্ষের মধ্যে তুমুল বচসা ও ধস্তাধস্তি হয়। গঙ্গারামপুরে ইটের আঘাতে এক কর্মকর্তাসহ ১০/১২ জন পুলিশ সদস্য আহত হলে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, প্রত্যেক জায়গায় আমরা 'নাগরিক অভিনন্দন যাত্রা' করছি। লোকেরা আমাদের ভোট দিয়ে নির্বাচনে জিতিয়েছে। তাদের ধন্যবাদ দেয়া আমাদের দায়িত্ব। সেজন্য আমরা বেরিয়েছি। কিন্তু পুলিশ আমাদের অভিনন্দন যাত্রা বের করতে দিচ্ছে না। ১৪৪ ধারা জারি করে রেখেছে। রাস্তা বন্ধ করে রেখেছে সেজন্য কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আমাদের লোকজনও আহত হয়েছে। অন্যদিকে, তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষের অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে এলাকা অশান্ত করার চেষ্টা করছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।