পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় ব্যাপক বোমাবাজি ও গুলি: নিহত ২
https://parstoday.ir/bn/news/india-i71352-পশ্চিমবঙ্গের_ভাটপাড়ায়_ব্যাপক_বোমাবাজি_ও_গুলি_নিহত_২
ভারতের পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় দুর্বৃত্তদের ব্যাপক বোমাবাজি ও গুলিবর্ষণের মধ্যে ২ জন নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। আজ (বুধবার) সকাল থেকে ভাটপাড়া এলাকা বোমা ও গুলির শব্দে উত্তপ্ত হয়ে উঠলে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। বোমা ও গুলির মধ্যে পড়ে রাম বাবু সাউ নামে একজন নিহত হন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২০, ২০১৯ ১১:৩৭ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় ব্যাপক বোমাবাজি ও গুলি: নিহত ২

ভারতের পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় দুর্বৃত্তদের ব্যাপক বোমাবাজি ও গুলিবর্ষণের মধ্যে ২ জন নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। আজ (বুধবার) সকাল থেকে ভাটপাড়া এলাকা বোমা ও গুলির শব্দে উত্তপ্ত হয়ে উঠলে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। বোমা ও গুলির মধ্যে পড়ে রাম বাবু সাউ নামে একজন নিহত হন।

এরআগে চলতি মাসের ১১ তারিখ ভাটপাড়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের বোমাবাজিতে মুহাম্মাদ হালিম ও মুহাম্মাদ মুস্তাক নামে দু’জন নিহত হয়েছিলেন। সিআইডি ওই ঘটনার তদন্তে নেমে ইন্দ্রজিৎ দাস, লালবাবু দাস ও প্রদীপ সাউ নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার রাতে দিঘা থেকে ওই খুনের ঘটনায় ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লালন চৌধুরী ও তার সঙ্গী বিজেপি কর্মী শিউজি রায়কে পুলিশ গ্রেফতার করে।

আজ বোমা ও গুলির শব্দে এলাকা অশান্ত হয়ে ওঠায় ওই এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি র‍্যাফকে মাঠে নামাতে হয়। এসময় দুর্বৃত্তদের এলাকা ছাড়া করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পাশপাশি শূন্যে গুলিবর্ষণ করে। 

এ ব্যাপারে রাজ্যের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা মদন মিত্র বলেন, ‘ভাটপাড়ায় যারা বিজেপি করছেন, মূলত অর্জুন সিং ও তার দলবল এরা আগ্রাসী ও ভয়ঙ্কর হিংসার রাজনীতির জনক। ফলে ভাটপাড়ায় গতকাল রাতে অথবা আজ সকালে এরকম নয়। প্রতিমুহূর্তেই মানুষ আশঙ্কা করছেন খুন রাহাজানি হতে পারে! পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমার আশা প্রশাসন আরও কঠোর হবে এবং অবিলম্বে যদি সহিংসতা বন্ধ না হয় তাহলে এরপরে আর মানুষকে চুপ করে রাখানো যাবে না।’

এ ব্যাপারে ব্যারাকপুরের এমপি ও বিজেপি নেতা অর্জুন সিং অবশ্য বলেন, ‘কী করে শান্তি হবে? পুলিশ যখন গণ্ডগোল করাবে শান্তি হবে কী করে? আজকে পুলিশ ওখানে থানা উদ্বোধন করতে যাচ্ছে কিন্তু দু’দিন আগে থানার পিছনে পুরো হিন্দুদের বাড়ি লুট করে দেয়া হয়েছে। ওখানে একজনকে গতকাল সকালে গুলি মারা হল, আজকে আবার তাদের বাড়িতে বোমাবর্ষণ করা হল। পুলিশ সামনে থেকে পুলিশ ওদের হয়ে হয়ে গুলি চালাচ্ছে তাহলে কী করে শান্ত হবে?’

লোকসভা নির্বাচনের পর থেকে ভাটপাড়া এলাকায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে একনাগাড়ে সহিংসতা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এসব সংঘর্ষ বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। গোলযোগপূর্ণ ভাটপাড়া, কাঁকিনাড়া এলাকা থেকে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।