গোলযোগপূর্ণ ভাটপাড়ায় পর্যাপ্ত পুলিশি পদক্ষেপ নেয়া হয়েছে: সিদ্দিকুল্লাহ চৌধুরী
-
মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী
ভারতের পশ্চিমবঙ্গের গোলযোগপূর্ণ ভাটপাড়া এলাকায় পর্যাপ্ত পুলিশি পদক্ষেপ নেয়া হয়েছে বলে রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিসেবা দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন। লোকসভা নির্বাচনের পর থেকে ভাটপাড়া, কাঁকিনাড়া এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি ও তৃণমূল আশ্রিত দুর্বৃত্তদের সহিংসতায় সংখ্যালঘু মুসলিমরা এখানে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গোলযোগ অব্যাহত থাকায় এ পর্যন্ত উভয়পক্ষের বেশ কয়েকজন সমর্থক নিহত হয়েছেন। অনেকেই ওই এলাকার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদ আলম বলেন, ‘নির্বাচনের পর থেকে বারবার সংখ্যালঘুদের উপরে আক্রমণ চালানো হচ্ছে। ইতোমধ্যে সেখান থেকে সাতশ’/আটশ’ সংখ্যালঘুদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে। এলাকাছাড়া হয়েছেন বহু মানুষ। বহু দোকান ও বাড়ি লুট করা হয়েছে। ঘরছাড়া ও আক্রান্তদের তালিকা প্রশাসনকে দেয়া হয়েছে। আমরা চাই প্রশাসন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক।’
এ ব্যাপারে রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘পুলিশ প্রশাসন পদক্ষেপ না করলে সব উড়িয়ে দিত, কবেই সব শেষ হয়ে যেত। আমি ওদেরকে পরামর্শ দিয়েছি নামাজ পড়ার সময় মসজিদের সামনে যুবক ছেলেরা পাহারা দাও। এটা তো বাংলায় ছিল না যে নামাজ পড়ার সময় কেউ বোমা মারবে! পুলিশকে বলা হয়েছে শাস্তি দিতে। পুলিশ নরম মনোভাব দেখানোয় মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন। বিজেপি ওখানে জিতেছে বলে দাঙ্গা বাধাতে হবে? সকলেই একথা বলছেন। কিন্তু ওরা আসলে ওদের নেচার থেকে সরে আসছে না।’
তিনি বলেন, ‘আজকেও (শুক্রবার) বিধানসভায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিষয়টি দেখতে বলেছি। কারণ পরিস্থিতি তত ভালো নয়।’
গতকাল সাতশ’ কমব্যাট ফোর্স ওই এলাকায় গেছে। রাতভর তল্লাশিতে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ১৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।