লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মতো সন্ত্রাস কোথাও হয়নি: অহলুওয়ালিয়া
https://parstoday.ir/bn/news/india-i71417-লোকসভা_নির্বাচনে_পশ্চিমবঙ্গের_মতো_সন্ত্রাস_কোথাও_হয়নি_অহলুওয়ালিয়া
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি এমপি এসএস অহলুওয়ালিয়া বলেছেন, নির্বাচন গোটা দেশে হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মতো সন্ত্রাস কোথাও হয়নি। তিনি আজ (শনিবার) গোলযোগপূর্ণ ভাটপাড়া এলাকা পরিদর্শনের পরে ওই মন্তব্য করেন। নির্বাচনের পর থেকে ভাটপাড়া, কাকিনাড়া এলাকায় দুর্বৃত্তদের তাণ্ডবে এ পর্যন্ত কয়েকজন নিহত ও কয়েকশ’ মানুষ এলাকা ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।    
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২২, ২০১৯ ১৪:৪৪ Asia/Dhaka
  • এসএস অহলুওয়ালিয়া
    এসএস অহলুওয়ালিয়া

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি এমপি এসএস অহলুওয়ালিয়া বলেছেন, নির্বাচন গোটা দেশে হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মতো সন্ত্রাস কোথাও হয়নি। তিনি আজ (শনিবার) গোলযোগপূর্ণ ভাটপাড়া এলাকা পরিদর্শনের পরে ওই মন্তব্য করেন। নির্বাচনের পর থেকে ভাটপাড়া, কাকিনাড়া এলাকায় দুর্বৃত্তদের তাণ্ডবে এ পর্যন্ত কয়েকজন নিহত ও কয়েকশ’ মানুষ এলাকা ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।    

এসএস অহলুওয়ালিয়া আজ বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক ঘটনা যে নির্বাচন তো সারা ভারতে হয়েছে। কাশ্মির থেকে কন্যাকুমারী কিন্তু এবারে এরকম সন্ত্রাস কোনও জায়গায় হয়নি। যেদিন নির্বাচন আরম্ভ হয়েছিল এই সন্ত্রাস কুচবিহার থেকে পুরুলিয়া অবধি কত মায়ের কোল শূন্য করে দিল। কত বোনের সিঁথি থেকে সিঁদুর মুছে দিল, কত বোনের ভাইকে কেড়ে নিল। এই সন্ত্রাস আর কত দিন চলবে?’

আজ দুপুরে ভাটপাড়ায় সংসদ সদস্য এসএস অহলুওয়ালিয়ার নেতৃত্বে তিন সদস্যের বিজেপির সংসদীয় প্রতিনিধিদল যান। অহলুওয়ালিয়ার সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের এমপি ও বম্বের সাবেক পুলিশ কমিশনার সত্যপাল সিং এবং ঝাড়খণ্ড পুলিশের সাবেক মহানির্দেশক ও এমপি বিষ্ণু দয়াল রাম।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে বিজেপির ওই প্রতিনিধিদলটি আজ সাম্প্রতিক সহিংসতার জেরে নিহত রামবাবু সাউয়ের বাসায় তার পরিবারের সঙ্গে কথা বলেন। পরে তারা ধরমবীরের পরিবারের সঙ্গেও কথা বলেন। বিজেপি’র দাবি পুলিশের গুলিতে ওরা নিহত হয়েছেন।

অহলুওয়ালিয়া গণমাধ্যমকে বলেন, ‘রামবাবু, ধরমবীর কোনো আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন না। পুলিশ ওদের গুলি করে হত্যা করেছে। পুলিশের দাবি তারা শূন্যে গুলি চালিয়েছে। যদি তারা শূন্যে গুলি চালিয়ে থাকে তা হলে মানুষের শরীরে লাগল কীভাবে? ওরা কি তা হলে হাওয়ায় উড়ছিল?’

গোটা পরিস্থিতির জন্য রাজ্যের শাসকদল তৃণমূল ও পুলিশ দায়ী করে গোটা ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দেবেন বলেও এসএস অহলুওয়ালিয়া বলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২২