বাংলাকে ভাটপাড়া বানাতে দেবো না: ফিরহাদ হাকিম
https://parstoday.ir/bn/news/india-i71442-বাংলাকে_ভাটপাড়া_বানাতে_দেবো_না_ফিরহাদ_হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম গোলযোগপূর্ণ ভাটপাড়াসহ রাজ্যের বিভিন্নস্থানে রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, বাংলাকে ভাটপাড়া হতে দেবো না। পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মন্ত্রী ফিরহাদ হাকিম আজ (রোববার) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ২৩, ২০১৯ ১৪:১৮ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম গোলযোগপূর্ণ ভাটপাড়াসহ রাজ্যের বিভিন্নস্থানে রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, বাংলাকে ভাটপাড়া হতে দেবো না। পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মন্ত্রী ফিরহাদ হাকিম আজ (রোববার) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘একটা নতুন দল কয়েকটা সিট জিতে পশ্চিমবঙ্গ দখলের আশা করছে। তাই তারা যেভাবে গুজরাটে অশান্তি করেছিল, যেভাবে মুজাফফরনগরে অশান্তি করেছিল, বম্বেতে রায়ট করেছিল, যেভাবে ভারতের বিভিন্ন জায়গায় উসকানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা করিয়েছিল সেভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘বাংলার মানুষ আজকে ভাটপাড়ার ঘটনা দেখে ভাবছে যে ভাটপাড়ায় বাংলার মানুষ বাঙালিরা পালিয়ে বেড়াচ্ছে! বিহার থেকে, উত্তর প্রদেশ থেকে লোক এসে বাহুবলীদের দিয়ে দখল করিয়ে গঙ্গাজলির মতো ভাটপাড়া তৈরি হচ্ছে। গোটা বাংলা যদি ভাটপাড়া তৈরি হয়, তাহলে আমরা বাংলার মানুষ যাবো কোথায়? সেজন্য বাংলাকে ভাটপাড়া হতে দেবো না। ওখানে যারা ওসব করেছেন তারা ভাবছেন গোটা বাংলা দখল করব। কিন্তু বাংলা রবীন্দ্রনাথের, বাংলা কাজী নজরুল ইসলামের, বাংলা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের, বাংলা বিবেকানন্দের। সেই আদর্শ ছেড়ে বাঙালিরা কখনওই মোহন ভাগবতের আদর্শে ধর্মনিরপেক্ষতার উপরে আঘাত করে এই যে দাঙ্গার রাজনীতি তাকে সমর্থন করবে না।’

অন্যদিকে, আজ রাজ্য বিজেপি সভাপতি ও এমপি দিলীপ ঘোষ বলেছেন, ‘কুচবিহার থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে পাহাড় কোথাও কী শান্তি আছে? রোজ গুলি চলছে, বোমা বন্দুক নিয়ে মারপিট হচ্ছে। হয় নিজেদের টিএমসি দলের মধ্যে নইলে অন্য কাউকে মারা হচ্ছে। পুলিশ ও গুণ্ডা যৌথভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে। একটা ছোটখাটো  ঘটনাও হাতের বাইরে চলে যাচ্ছে। পুলিশকে লোক তাড়া করে মারছে। আজ পুলিশ অসুরক্ষিত, সাধারণ মানুষ অসুরক্ষিত, গোটা সমাজ অসুরক্ষিত। আমরা কী করে বেঁচে থাকব? কেন এটা হচ্ছে?’

তিনি বলেন, ‘ভাটপাড়ায় একটা গণ্ডগোল হচ্ছে গত দেড় মাস ধরে। আজ পর্যন্ত ঠাণ্ডা হল না। কেন হচ্ছে না? কার স্বার্থে ঠান্ডা হচ্ছে না?’  

বাঁকুড়ার পাত্রসায়রে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে অশান্তি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘পাত্রসায়রে রাস্তায় সাধারণ মানুষ ও আমাদের কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছে। তাতে তাদের উপরে পুলিশ লাঠি চালিয়েছে। পুলিশ ও গুণ্ডা যৌথভাবে তাদের মারপিট করে গুলি চালিয়েছে। তিন জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। একটা বাচ্চা ছেলের কোমরে গুলি লেগেছে। মানুষ যদি ‘জয় শ্রীরাম’ বলে তাদের উপরে গুলি চালিয়ে দেবেন? লাঠি চালিয়ে দেবেন? জেলে ভর্তি করে দেবেন? কোথায় থাকছি আমরা? পাকিস্তানে চলে এসেছি নাকি?’

গতকাল (শনিবার) বিকেলে রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাঁকুড়ার পাত্রসায়রে কাঁকরডাঙা এলাকায় জনসংযোগ যাত্রায় তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেন বিজেপি কর্মী-সমর্থকরা। এরপরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিজেপি ও তৃণমূল সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে শুরু হয়ে যায় বোমাবাজি। বিজেপির দাবি, পরিস্থিতি সামলাতে না পেরে পুলিশ গুলি চালালে অষ্টম শ্রেণির এক ছাত্রসহ তিনজন আহত হয়েছেন। তাদেরকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।#

পার্সটুডে/এমএএইচ/ এমবিএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।