মুখ্যমন্ত্রীর ‘তোষণ’ মন্তব্য মুসলিমরা পছন্দ করে না: কামরুজ্জামান
-
বক্তব্য রাখছেন মুহাম্মাদ কামরুজ্জামান
ভারতের পশ্চিমবঙ্গের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, মুখ্যমন্ত্রীর ‘মুসলিম তোষণ’ মন্তব্য মুসলিমরা পছন্দ করে না। তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় সংখ্যালঘু যুব ফেডারেশনের ১৬তম প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
মুহাম্মাদ কামরুজ্জামান বলেন, ‘১৬ বছরের আন্দোলনের মধ্যে বর্তমান ক্ষমতাসীন তৃণমূল সরকারের আমলে আট বছর ধরে যুব ফেডারেশন আন্দোলন করেছে। সাত বছর ধরে বিগত বামফ্রন্ট সরকারের আমলে আন্দোলন করেছে। আমরা কখনওই সরকার বা প্রশাসনের কাছাকাছি বা পাশাপাশি বসার চেষ্টা করিনি। বরং ইনসাফ ও হকের প্রশ্নে আমরা কখনোই কিন্তু কোনও শাসক দলকে বা সরকারকে তোষামোদ বা সমীহ করে চলার চেষ্টা করিনি। আমরা মনে করেছি, অরাজনৈতিক গণসংগঠন হিসেবে আমাদের দায়িত্ব এ রাজ্যে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, অবহেলিত তাদেরকে ইনসাফ পাইয়ে দেয়া উচিত। সম্প্রতি আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের পরে বলেছেন, তাকে নিশ্চয় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে ‘মুসলিম তোষণ’ কেন হয়? তিনি বলেছেন, ‘যে গরু দুধ দেয়, তার লাথি খেতে হয়’। কিন্তু মনে রাখতে হবে মুসলিমরা কিন্তু তৃণমূলকে দুধ দেয় না। মুসলিমরা কিন্তু কোনও এ ধরণের মন্তব্যকে পছন্দও করে না। মুসলিমরা মনে করে যে, তারা দেশের নাগরিক হিসেবে শুধু চাওয়া আর পাওয়ার রাজনীতি করে না। এই দেশের সুশাসনের জন্য, এদেশের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য নাগরিক হিসেবে তাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। মুসলিমরা স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে কোনও শাসককে, কোনও দলকে তারা ‘দুধ’ দেয়নি, সুনাগরিকের দায়িত্ব পালন করেছে। মুখ্যমন্ত্রী একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তিনি যদি এই মন্তব্য করতেন আমরা মুসলিম হিসেবে গর্বিত হতাম। আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করতাম।’
তিনি বলেন, ‘আজকে যিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে আপনারা যদি আমাদেরকে আশীর্বাদ করেন তাহলে আমরা পশ্চিমবঙ্গে ইনসাফ এনে দেবো। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বলতে চাই ওবিসি মুসলিমদের জন্য চাকরিতে দশ শতাংশ সংরক্ষণ বিধি বাস্তবায়িত হয়নি। আজও পর্যন্ত তার আট বছরের শাসনামলে পশ্চিমবঙ্গে একটাও সার্ভিস নেই, একটা চাকরি নেই যে যেখানে তারা মুসলিমদের কমপক্ষে দশ শতাংশ চাকরি সুনিশ্চিত করতে পেরেছেন। ওনারা তা বাস্তবায়িত করতে পারেননি।’
রাজ্য সরকার কেন অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) তালিকভুক্ত মুসলিম কর্মপ্রার্থীদের চাকরি ও উচ্চশিক্ষায় দশ শতাংশ সংরক্ষণ কার্যকর করছেন না সেই প্রশ্নে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান।
এদিন কোলকাতার মৌলালি যুব কেন্দ্রের ওই সভায় সাবেক এমপি মুহাম্মাদ সেলিম, বিশিষ্ট সমাজকর্মী সুখনন্দন সিং আলুওয়ালিয়া, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সহ-সভাপতি ইদ্রিস আলী মণ্ডলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন হাফেজ নাজমুল আরেফিন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।