মানুষের মধ্যে ভাগাভাগি আমাদের ঐতিহ্য নয়: ফিরহাদ হাকিম
-
বক্তব্য রাখেন ফিরহাদ হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘কে হিন্দু কে মুসলিম, মানুষের মধ্যে ভাগাভাগি আমাদের ঐতিহ্য নয়। মৌলবাদীরা দেশ ভাঙার ষড়যন্ত্র করছে।’ সাম্প্রদায়িক রাজনীতির প্রতিবাদে গতকাল (বৃহস্পতিবার) রাজ্য বিধানসভায় তৃণমূল ও বাম-কংগ্রেসের আনা প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি ওই মন্তব্য করেন।
ফিরহাদ হাকিম বলেন, ‘জয় শ্রীরাম’ বা ‘আল্লাহু আকবর’ বলা অন্যায় নয়। তবে তা ধর্মীয়স্থানে বলা উচিত। কাউকে অপমান করার জন্য বলা উচিত নয়।’
তিনি নিজে কালীপুজো, দুর্গাপুজোর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, সেকথাও উল্লেখ করেন ফিরহাদ হাকিম।
বিধানসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের সিনিয়র নেতা আব্দুল মান্নান বলেন, ‘ধর্মীয় স্লোগান অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করার জন্য বলা হচ্ছে।’
রাজ্যের কারিগরি প্রশিক্ষণ মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, ‘জয় শ্রীরাম’ বলা যে বাংলার সংস্কৃতি নয়, সেটা একদম ঠিক বলেছেন অমর্ত্য সেন। আমাদের সংস্কৃতি বহুত্ববাদী।
গত ৫ জুলাই পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন ‘জয় শ্রীরাম’ ধ্বনি প্রসঙ্গে বলেন, ইদানীং মানুষকে মারধর করার জন্য ওই স্লোগান ব্যবহার করা হচ্ছে। এই স্লোগানের সঙ্গে বাংলার সংস্কৃতির যোগাযোগ আছে বলে মনে হয় না।
অমর্ত্য সেন বলেন, ‘আমি আগে এভাবে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনিনি। এখন জনগণকে মারধর করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। আমি মনে করি, বাঙালির সংস্কৃতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’
বাম পরিষদীয় দলনেতা ও সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, ‘সংসদে শপথ নেয়ার সময় ‘জয় শ্রীরাম’, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংসদকে কলুষিত করা হচ্ছে। এখানে ‘জয় শ্রীরাম’কে ‘জয় বাংলা’ দিয়ে ঠেকানো যাবে না। রাজ্য সরকারের ভূমিকা ঠিক থাকলে বাংলায় সাম্প্রদায়িকতার এমন বিকাশ হতো না।’
বিজেপির ‘জয় শ্রীরাম’-এর পাল্টা হিসেবে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল ‘জয় বাংলা’ ধ্বনি দেয়া শুরু করেছে।
এদিন বিরোধীদের সমালোচনার মুখে বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা অভিযোগ করেন, রাজ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে তৃণমূল সরকার। তাদের বিভিন্ন সিদ্ধান্তর জন্য সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবার উন্নয়নের কথা বলছেন। প্রধানমন্ত্রী কয়েকটি রাজ্যে গণপিটুনির তীব্র নিন্দা করেছেন বলেও বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা মন্তব্য করেন।
এদিন বিধানসভায় সাম্প্রদায়িক রাজনীতির প্রতিবাদে গৃহীত প্রস্তাব দিল্লিতে পাঠানো হবে বলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১২