মমতা নির্বাচন নিরপেক্ষ করবেন এটা আমি বিশ্বাস করি না: অধীর চৌধুরী
-
অধীর চৌধুরী এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস এমপি অধীর চৌধুরী বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচন নিরপেক্ষ করবেন- এটা আমি বিশ্বাস করি না। আজ (রোববার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম বা ইলেকট্রনিক ভোট যন্ত্রের পরিবর্তে ব্যালটে নির্বাচনের যে দাবি জানিয়েছেন সে সম্পর্কে অধীর বাবু ওই মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচন হতে গেলে নিরপেক্ষ কেন্দ্রীয় বাহিনী দরকার। পশ্চিমবঙ্গে নির্বাচন করতে হলে এটাই হল প্রথম কাজ। আমরা এখানে ব্যালটে নির্বাচনের স্বাদ জানি। সেখানে নির্বাচনে দাঁড়াতে দেয়া হয় না। গত পঞ্চায়েত নির্বাচনে ৩৪ শতাংশ মানুষকে ভোট দিতে দেয়া হয়নি। ২০ হাজার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তার কারণ সেটা ব্যালটে নির্বাচন ছিল এবং সেখানে রাজ্যের নির্বাচন কমিশনার ছিল। ফলে বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচন নিরপেক্ষ করবেন এটা আমি বিশ্বাস করি না। বাংলার বিরোধীদল কেউ বিশ্বাস করে না। কারণ বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে গত পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনে সহিংসতা, সংঘাত, ভয়, ভীতি, বিনাদোষে গ্রেফতার সবকিছুর মধ্য দিয়েই তিনি ক্ষমতায় এসেছেন। সুতরাং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকে নীতি আদর্শের কথা শুনব না।’
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস নিয়ে ভাবতে হচ্ছে তার কারণ কংগ্রেস ছাড়া তিনি বাঁচবেন না বলেও অধীর চৌধুরী এমপি মন্তব্য করেন।
অন্যদিকে, সিপিএম নেতা ও বিধায়ক সুজন চট্টোপাধ্যায় বলেন, ‘আজ মুখ্যমন্ত্রী বলছেন, নির্বাচনে ইভিএম নয়, ব্যালটে চাই। কিন্তু এই মুখ্যমন্ত্রী একসময় ইভিএমে ভোটের জন্য উৎসাহী ছিলেন এবং ইভিএমে ভোট করে ২০১১ ও ২০১৬ সালে জিতেছিলেন। আমার প্রশ্ন- আপনি কী ২০১১ ও ২০১৬ সালের ভোট যেহেতু ইভিএমের তা কী আপনি ফেরত দেবেন? উনি পঞ্চায়েত ও পৌরসভায় ব্যালটে নির্বাচন করেছেন, তা করবেন। ব্যালট তো ছিল। আমরা তো বলিনি ব্যালট থেকে ইভিএমে করতে। আসলে উনি এখন ইভিএমের ভয় পাচ্ছেন! মুখ্যমন্ত্রী জিতলে ইভিএম ভালো, হারলে ইভিএম খারাপ এই মনোভাব ঠিক নয় বলেও সুজন চট্টোপাধ্যায় মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২১