পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে পরমাণু যুদ্ধের নীতি পরিবর্তনের আভাস ভারতের
ভারতের পরমাণু যুদ্ধের নীতি পরিবর্তন করা হতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ১৯৯৮ সালে ভারত প্রথম পরমাণু শক্তি অর্জন করে। তারপর এই প্রথম দেশটির পরমাণু নীতি পরিবর্তনের সম্ভাবনা আছে বলে আভাস দেয়া হলো। কাশ্মির নিয়ে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা তুঙ্গে তখন এ কথা জানানো হলো।
পশ্চিমাঞ্চলীয় রাজস্থানের পোখরান পরিদর্শনকালে এ আভাস দেন রাজনাথ। ১৯৯৮ সালে ভারত প্রথম পরমাণু বোমার পরীক্ষা করেছিল পোখরানে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজনাথ বলেন, এ পর্যন্ত পরমাণু ক্ষেত্র ‘প্রথম হামলা চালানো হবে না’ বলে নীতি নিয়ে
এগিয়েছে ভারত। অবশ্য ভবিষ্যতে কি হবে তা সে সময়কার পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানান তিনি। অটল বিহারী বাজপেয়ি প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৮ সালে প্রথম পরমাণু বোমার পরীক্ষা করে ভারত। বাজপেয়ির প্রথম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পোখরান পরিদর্শন করেন তিনি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়া এবং কাশ্মিরকে দুই ভাগে বিভক্ত করাকে কেন্দ্র করে নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের উত্তেজনা তুঙ্গে ওঠে। পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সম্প্রতি বলেছেন, কাশ্মিরের জনগণের ন্যায্য সংগ্রামে শেষ পর্যন্ত তাদের সঙ্গে পাক সেনাবাহিনী থাকবে। এ ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য পাক বাহিনী প্রস্তুত রয়েছে এবং এ দায়িত্ব পালনে যে কোন পন্থা বেছে নেবে তারা। এদিকে, ধারণা করা হচ্ছে যে বাজওয়ার এ কথারই জবাব দিলেন রাজনাথ।#
পার্সটুডে/মূসা রেজা/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।