কাশ্মীরের জনগণকে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান গিলানির
https://parstoday.ir/bn/news/india-i73097-কাশ্মীরের_জনগণকে_শান্তিপূর্ণ_বিক্ষোভ_চালিয়ে_যাওয়ার_আহ্বান_গিলানির
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের প্রখ্যাত নেতা সাইয়্যেদ আলী শাহ গিলানি কাশ্মীরের জনগণকে দেশটির কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কাশ্মীরের জনগণের কণ্ঠরোধ করার জন্য দিল্লি সরকার যখন বিভিন্নভাবে বলপ্রয়োগ করার চেষ্টা করছে তখন এ আহ্বান জানালেন তিনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৫, ২০১৯ ১৪:৩০ Asia/Dhaka
  • সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের প্রধান সাইয়্যেদ আলী শাহ গিলানি
    সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের প্রধান সাইয়্যেদ আলী শাহ গিলানি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের প্রখ্যাত নেতা সাইয়্যেদ আলী শাহ গিলানি কাশ্মীরের জনগণকে দেশটির কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কাশ্মীরের জনগণের কণ্ঠরোধ করার জন্য দিল্লি সরকার যখন বিভিন্নভাবে বলপ্রয়োগ করার চেষ্টা করছে তখন এ আহ্বান জানালেন তিনি।

সাইয়্যেদ আলী শাহ গিলানি আজ (রোববার) এক বিবৃতিতে বলেন,  স্থানীয় কাশ্মীরের জনগণের উচিত তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রাখা। একইসঙ্গে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

কাশ্মীরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের প্রধান সাইয়্যেদ আলী শাহ  গিলানি বিতর্কিত কাশ্মীর অঞ্চলে নয়া দিল্লির বল প্রয়োগের নীতির কড়া সমালোচনা করেন। পাশাপাশি কাশ্মিরের জনগণের বাক স্বাধীনতা রুদ্ধ করে দেয়ার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের চেষ্টা সত্ত্বে জনগণের প্রতিবাদ দিনদিন তীব্র থেকে তীব্রতর হবে বলেও উল্লেখ করেন গিলানি।

শাহ আলী গিলানি বলেন, কেন্দ্রীয় সরকার চলতি মাসের শুরু থেকে কাশ্মীরের সাধারণ জনগণের কেবল সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করেনি তারা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই স্থানীয় সংবাদ মাধ্যমের ওপর অবরোধ আরোপ করেছে।

তিনি আরো বলেন, ভারতীয় সেনাবাহিনীর নির্যাতন, হত্যা এবং হাজার হাজার যুবকদের গ্রেফতারের কোনো খবরই প্রকাশ করা হচ্ছে না। সাধারণ জনগণ তাদের আত্মীয় স্বজনদের সম্পর্কে কোনো খোঁজ খবর রাখতে পারছে না।

গিলানি বলেন, নির্যাতনকারীরা হয়ত সত্যকে লুকানোর চেষ্টা  করছে। তবে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। মানুষ একদিন এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেই।#

পার্সটুডে/বাবুল আখতার/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।