কাশ্মীরে শিয়া নেতা আটক, আশুরার শোকানুষ্ঠান নিয়ে মুসলিমদের মধ্যে সংশয়
https://parstoday.ir/bn/news/india-i73113-কাশ্মীরে_শিয়া_নেতা_আটক_আশুরার_শোকানুষ্ঠান_নিয়ে_মুসলিমদের_মধ্যে_সংশয়
জম্মু-কাশ্মীরে চলমান অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে পবিত্র ১০ মহররম বা আশুরার শোক মিছিল নিয়ে শিয়া মুসলিমদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর আশুরা পালিত হবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৬, ২০১৯ ১২:২৬ Asia/Dhaka
  • ইমরান রাজা আনসারি
    ইমরান রাজা আনসারি

জম্মু-কাশ্মীরে চলমান অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে পবিত্র ১০ মহররম বা আশুরার শোক মিছিল নিয়ে শিয়া মুসলিমদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর আশুরা পালিত হবে।

আজ (সোমবার) হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’য় প্রকাশিত প্রতিবেদনে প্রকাশ, রাজ্যের শিয়া মুসলিমরা মনে করছেন, কেন্দ্রীয় সরকার আরোপিত নিষেধাজ্ঞা ও যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধের ফলে আশুরার শোকানুষ্ঠানে প্রভাব পড়তে পারে। এরফলে এটি স্থগিত অথবা সীমাবদ্ধ হতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।

রাজ্যটিতে ৩৭০ ধারা অপসারণের পরে গত ৫ আগস্ট থেকে সেখানে ব্যাপক বিধিনিষেধ কার্যকর করা হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কয়েক হাজার মানুষকে আটক অথবা গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর জওয়ান মোতায়েন, কারফিউ ও অন্যান্য নিষেধাজ্ঞার ফলে মানুষজন কার্যত ঘরবন্দি হয়ে আছেন।

কাশ্মীর উপত্যকায় কমপক্ষে এক লাখ শিয়া মুসলিমের বাস। তাঁরা বলছেন, শিয়া এসোসিয়েশনের প্রধান ইমরান রাজা আনসারিকে বিভিন্ন রাজনৈতিক দলের কমপক্ষে ৪০ সদস্যের সঙ্গে একটি হোটেলে আটক করে রাখা হয়েছে। সেজন্য শিয়া সম্প্রদায়ের মানুষজন তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। আশুরার শোকানুষ্ঠান সম্পর্কে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়ার জন্য ইমরান রাজা আনসারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁরা সফল হননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন। আটক ওই নেতার সঙ্গে সাক্ষাৎ করা খুব প্রয়োজন এবং তাঁর সাক্ষাৎ ছাড়া তাঁরা এ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না বলে মন্তব্য করেছেন।

বাডগাম জেলার এক ব্যক্তি বলেন, আমাদের জন্য তাঁর সাথে সাক্ষাৎ করা গুরুত্বপূর্ণ, কারণ তাঁর অনুপস্থিতিতে আমরা এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের সমস্ত ধর্মীয় কাজকর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি বিবাহগুলোও তাঁকে ছাড়া সম্পন্ন হয় না।

অন্য এক ব্যক্তি বলেন, ইমরান রাজা আনসারি আমাদের ‘পীর’। কিন্তু প্রশাসন আমদেরকে তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি দিচ্ছে না। এই প্রথম মনে হচ্ছে উপত্যকায় আশুরার শোকমিছিল বেরোতে পারবে না বলেও ওই ব্যক্তি আশঙ্কা প্রকাশ করেন।

শ্রীনগরের ডেপুটি কমিশনার শাহীদ চৌধুরী অবশ্য শোকমিছিল স্থগিতের জল্পনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন। শনিবার তিনি বিভিন্ন শিয়া গোষ্ঠীর নেতাদের সঙ্গে শোকানুষ্ঠান নিয়ে বৈঠক করেছেন। মিছিলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও ডেপুটি কমিশনার শাহীদ চৌধুরী বলেন। কঠোর নিরাপত্তা সত্ত্বেও মহররম পালন সুগম করা হবে বলেও এক কর্মকর্তা মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।