কাশ্মীর নিয়ে এতকিছু হয়েছে কেউ কথা বলতে পেরেছেন?: সিপিএম'কে মমতা বন্দ্যোপাধ্যায়
-
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘(এদেশে) কথা বলার অধিকার নেই। কাশ্মীর নিয়ে এত কাণ্ড হয়েছে কেউ কথা বলতে পেরেছেন? মিডিয়াকে জিজ্ঞেস করুন কাউকে ঢুকতে দেয়? কাউকে দেখতে দিয়েছে? কাউকে রিপোর্ট করতে দিয়েছে? কাউকে কথা বলতে দিয়েছে? না। কাউকে কথা বলতে দেয়নি। বন্দুকের নল দিয়ে চেপে রেখে দিয়েছে।’
তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
মমতা এদিন রাজ্যের বামপন্থিদের সমালোচনা করে বলেন, ‘ভিয়েতনামের মুক্তিযুদ্ধে কোলকাতায় আওয়াজ উঠেছিল। ‘তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম’। আজকে কোথায় সিপিএম? আপনাদের ভূমিকা কোথায়? রামে-বামে (বিজেপি-বামপন্থি) এক হয়ে গেলেন?’
তিনি এ ব্যাপআরে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সব সিপিএমের ‘হার্মাদ’রা এখন বিজেপি’র জল্লাদ! যতগুলো সিপিএমের হার্মাদ যারা সিঙ্গুর, নন্দিগ্রাম, নেতাইয়ের ঘটনা ঘটিয়েছে, দিনের পরদিন মানুষের উপরে অত্যাচার করেছে আজকে তাঁরা কী করছে? আজকে কোনও কথা নেই! বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে! মিডিয়ার মুখে তালাচাবি দিয়ে দিয়েছে।’
মমতা বিজেপি সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করে বলেন, আমার ধারণা ভারত প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্টের দিকে যাচ্ছে। জেনে রেখে দিন। আমি শিক্ষিত সমাজ, বিদ্বজ্জন সমাজ এবং ছাত্রছাত্রীদের কাছে আজকে ভবিষ্যদ্বাণী করে গেলাম। ওয়ান ইলেকশন, ওয়ান লিডার, ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান এমারজেন্সি। প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্টের দিকে যাচ্ছে ভারত। এজন্য আমাদের স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেননি বলেও মমতা মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।