‘এনআরসি থেকে বাদ পড়াদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কথা বলব’
-
হিমন্ত বিশ্ব শর্মা
ভারতের বিজেপি-শাসিত অসমে সদ্য প্রকাশিত জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়াদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে কথা বলব এবং তাদের লোকদের ফিরিয়ে নিতে বলব। কিন্তু যতদিন ফিরিয়ে না নেয়া হচ্ছে, ততদিন আমরা তাদের ভোটাধিকার দেবো না, তবে বিশেষ কিছু সুযোগ-সুবিধা দেয়া হবে।’
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ভারতের বন্ধু। তারা আমাদের সহযোগিতা করছে।
এনআরসি তালিকায় নাম না থাকা লোকেদের ফেরত পাঠাতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান বিজেপির এই নেতা। তিনি বলেন, ‘এনআরসি তালিকায় নাম নেই মানে এটা নয় যে, তাদের বিদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তাদের ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। কিন্তু ততদিন পর্যন্ত ভারতের কোনো রাজনৈতিক কার্যক্রমে তাদের অংশ নিতে দেয়া হবে না।’
এদিকে, ইন্ডিয়া টুডে'কে দেয়া সাক্ষাৎকারে অসমের অর্থমন্ত্রী বলেন, ‘বিজেপি বৈধ হিন্দু অভিবাসীদের পাশে থাকবে এবং আমরা তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার পদক্ষেপ গ্রহণ করব। যাতে পরবর্তী সময়ে অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠাতে পারি।’
এর আগে গতকাল (রোববার) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আসামের এনআরসি নিয়ে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না বলে ভারত অঙ্গীকার করেছে। এনআরসি থেকে বাদপড়া নাগরিকরা বাংলাদেশি নয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
৩১ আগস্ট (শনিবার) চূড়ান্ত এনআরসি প্রকাশ করে অসম সরকার। ওই তালিকায় চূড়ান্তভাবে ঠাঁই হয়েছে ৩ কোটি ১১ লাখ লোকের। আর তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার মানুষ। এই তালিকা নিয়েও ভারতে তীব্র রাজনৈতিক বাদানুবাদ শুরু হয়েছে। তবে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যাদের নাম চূড়ান্ত তালিকায় ওঠেনি, তাদের ‘স্টেটলেস’ বলা যাবে না, আইনত ‘বিদেশি’ও বলা যাবে না। যে যে সুবিধা সে ভোগ করে আসছে, তাতে কোনো রকম হেরফের ঘটানো হবে না।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।