বাংলায় কোনোদিনই ওরা এনআরসি করতে পারবে না: মমতা
https://parstoday.ir/bn/news/india-i73898-বাংলায়_কোনোদিনই_ওরা_এনআরসি_করতে_পারবে_না_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি’র আতঙ্কে রাজ্যে ৬ জনের মৃত্যু হয়েছে, এই লজ্জা ঢাকার জায়গা নেই! তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১২:৩৫ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি’র আতঙ্কে রাজ্যে ৬ জনের মৃত্যু হয়েছে, এই লজ্জা ঢাকার জায়গা নেই! তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন। 

তৃণমূল নেত্রী মমতা বলেন, ‘এত ভয় পাওয়ার কী আছে? গ্রামে-গঞ্জে গিয়ে কে কী  প্রচার করল, অপপ্রচার করল সেজন্য দয়া করে নিজেদের মূল্যবান জীবন নষ্ট করবেন না।’

তিনি বলেন, ‘এনআরসি বাংলা কেন কোথাও হবে না। অসমে যেটা হয়েছে তা অসম চুক্তি অনুযায়ী হয়েছে। বললেই তো হয় না।’

বিজেপি’র নাম না করে মমতা বলেন, ‘কেউ রাজনৈতিকভাবে বলে দিতে পারে হ্যাঁ এনআরসি হবে। সে তো হিন্দু-মুসলিম বিভেদ করছে। হিন্দু-মুসলিম বিভাজন করে অসমে এনআরসিতে ১৩ লাখ হিন্দুর নাম বাদ। মুসলিমও বাদ, অসমীয়া বাদ, হিন্দিভাষী বাদ। আর বাংলায় মনে রাখবেন কোনোদিনই ওরা এনআরসি করতে পারবে না। এনআরসি করবে কীভাবে? এটা করতে হলে রাজ্য সরকারের মেশিনারি চাই। আমরা তো কোনোদিন তা করতে দেবো না। এটা মাথায় রাখবেন। অত চিন্তা করার কী আছে? কে বলেছে আপনাকে ১৯৭১ সালের কাগজ খুঁজে বের করুন? কে বলছে এসব? যারা বলছে সেই টিভি চ্যানেল কেউ দেখবেন না। বিজেপির কথায় যারা টিআরপি রেট তুলছে আপনাকে ভয় দেখিয়ে।’         

মমতা বলেন, ‘কোনও কোনও গণমাধ্যমে এনআরসি নিয়ে খুব অপপ্রচার করা হচ্ছে। বিজেপি’র লোকেরা কথা বলছে তাঁদের রাজনৈতিক প্রয়োজনে। সেটা নিয়ে আপনারা টকশো করে করে এত উত্তেজিত করছেন মানুষকে যে ৬ জন মারা গেল আজ বাংলায়। এই লজ্জা ঢাকার জায়গা নেই! আমি সেদিনও অনুরোধ করেছি মিডিয়ার কাছে ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যে প্ররোচনামূলক কথাবার্তা আমরা বলব না।’

তিনি বলেন, ‘এনআরসি নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা সবাই আছি না! নাকি আমরা নেই, মরে গেছি সব? যে ৬ জন মারা গেছে সেসব জায়গায় আমাদের দলের পক্ষ থেকে প্রতিবাদ করা হবে। আমি পরিষ্কার আপনাদের বলি ভোটার লিস্টে নাম তুলতে অসুবিধা হলে আমাদের দলের কর্মীদের বলবেন সে তুলে দেবে। সে যদি না তোলে তাহলে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে আমাকে অভিযোগ  জানাবেন। আমি ঘাড় ধরে তোলাবো। বিধায়কের কাছে গিয়ে বলবেন আমার নাম তুলছে না আমায় কাগজ দিন, উনি দরকার হলে বিডিও অফিস থেকে কাগজ তুলে দেবেন। যার কাগজ হারিয়ে গেছে একটা এফআইআর করলেই তো হয়। সুতরাং, নিজের জীবন এভাবে নষ্ট করবেন না। ’

মমতা বলেন, ‘কারও রাজনৈতিক খেলায় আপনারা কেন মাথানত করছেন? বিহারের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, বিহারে এনআরসি হবে না। বিহারে হবে না, তাহলে বাংলায় কেন হবে? ত্রিপুরায় বলুন না এনআরসি করতে, আগে মুখ্যমন্ত্রী নিজেই বাদ চলে যাবেন। এত সস্তা নয়। অত সহজ সবকিছু নয়। রাজনৈতিকভাবে কে কি বলছে তা নিয়ে কেউ প্ররোচনা ছড়াবেন না। প্ররোচনা বা উত্তেজনা ছড়ানো নয়। এসব শেখানো বুলি।’  

ভারতের কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের পাশাপাশি রাজ্যের বিজেপি নেতারাও পশ্চিমবঙ্গে এনআরসি কার্যকর করা হবে বলে বিভিন্ন সভা সমাবেশে মন্তব্য করায় রাজ্যের মানুষদের মধ্যে নথি সমস্যার কারণে এনআরসি থেকে বাদ পড়ার আশঙ্কায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।   

মমতা কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেন, ‘মনে রাখবেন একেবারে পুরো সন্ত্রাসী মেরুকরণের সন্ত্রাসী উন্মত্ততায় দানবীয় তাণ্ডব চলছে পাবলিক সেক্টর থেকে সব জায়গায়। সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।’

মমতা এদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের একাধিক কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামার নির্দেশ দিয়েছেন।#   

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন