অসম ও উত্তর-পূর্ব ভারতে স্থায়ী শান্তি ফিরবে: নরেন্দ্র মোদি
-
নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘এবার অসম ও উত্তর-পূর্ব ভারতে স্থায়ী শান্তি ফিরবে।’ তিনি আজ (শুক্রবার) অসমের অসমের বোড়ো অধ্যুষিত শহর কোকরাঝাড়ে বোড়ো চুক্তি সই উদযাপন অনুষ্ঠানে এক জনসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আজকের দিন সংকল্প গ্রহণ করার দিন। উন্নয়ন ও বিশ্বাসের মুখ্যধারাকে শক্তিশালী করতে হবে। এবার সহিংসতার অন্ধকারকে এই মাটিতে ফিরে আসতে দেওয়া যাবে না।’
প্রধানমন্ত্রী বোড়ো জনগোষ্ঠীর উদ্দেশে বার্তা দিয়ে বলেন, ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বড়োল্যান্ড (এনডিএফবি), ‘ অল বোড়ো স্টুডেন্টস ইউনিয়ন’, বিটিসি প্রধান হগ্রামা মহিলারী ও অসম সরকারের মিলিত প্রয়াসেই এই শান্তি প্রক্রিয়া সম্ভব হয়েছে। এবার অসম ও উত্তর-পূর্বে স্থায়ী শান্তি ফিরবে। আর সহিংসতা ও হানাহানি হবে না।’
তিনি বলেন, ‘আগে মানুষ অসমে আসতে ভয় পেতেন। আগের সরকার কখনও উত্তর-পূর্বের উন্নয়নের কথা ভাবেনি। আমাদের সরকার বোড়ো এলাকার জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার প্যাকেজ বরাদ্দ করেছে। এবার অসমে বিদেশি বিনিয়োগ আসছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৩ ও ২০০৩ সালে দু’বার বোড়ো শান্তি চুক্তি সই হওয়ার পরেও শান্তি আসেনি। কারণ, আগেকার সরকার কেবলমাত্র চুক্তি সই করেছে, একে রূপায়ন করার জন্যে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। এবার বড়ো ভাই-বোনেরা সুবিচার পেয়েছে এবং গুলি-বারুদের দিন শেষ হয়েছে।’
গত ২৭ জানুয়ারি দিল্লিতে 'ঐতিহাসিক বোড়ো শান্তি' চুক্তি সই হয়। কেন্দ্রীয় সরকার কর্তৃক নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেয়াল। এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, ১৯৮৬ সাল থেকে চলা অসমের অশান্তি ও বিচ্ছিন্নতাবাদ এবার শেষ হবে। পৃথক বোড়োল্যান্ড রাজ্যের দাবি থেকে সরে আসার কথা মেনে নেওয়ার পরেই ওই চুক্তি সই হয়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।