কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ গেরিলা নিহত, পঞ্চায়েত নির্বাচন স্থগিত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা নিহত হয়েছে। গতকাল (মঙ্গলবার) দিবাগত গভীর রাতে কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে জাহাঙ্গীর রফিক ওয়ানি, রাজা ওমর মকবুল ভাট এবং উজাইর আমিন ভাট নামে তিন গেরিলার মৃত্যু হয়। তারা আনসার গাজওয়া-উল হিন্দ গোষ্ঠীর সদস্য। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় ত্রালে গেরিলাদের উপস্থিতির খবর পেয়ে জম্মু-কাশ্মীর পুলিশ, আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং সেনাবাহিনীর সদস্য সমন্বিত যৌথবাহিনী তল্লাশি অভিযান শুরু করে। এরপরে নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে ফেললে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
আজ (বুধবার) জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় সরকার বারবার সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করলেও জম্মু-কাশ্মীরে নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানকার পঞ্চায়েত নির্বাচন স্থগিত করা হয়েছে। জম্মু-কাশ্মীরের প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও) শৈলেন্দ্র কুমার গতকাল (মঙ্গলবার) ওই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে পঞ্চায়েতের উপ-নির্বাচন তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।’
নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র বিভাগ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই পদক্ষেপ নেয়া হয়েছে বলেও তিনি জানান। আগামী ৫ মার্চ থেকে সেখানে ৮ দফায় ১২ হাজার ৫০০-এর বেশি পঞ্চায়েত আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।