কারাগারে আটক রাজনৈতিক বন্দিদের মুক্তি দিন: ফারুক আব্দুল্লাহ
-
ডা. ফারুক আবদুল্লাহ এমপি
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের ডা. ফারুক আবদুল্লাহ এমপি কারাগারে আটক সমস্ত রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল (রোববার) তিনি ওই আহ্বান জানান।
তিনি বলেন, ‘এ ব্যাপারে জম্মু-কাশ্মীরের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। কেন্দ্রশাসিত অঞ্চলের বাইরের কারাগারে থাকা বন্দিদের মানবিক কারণে মুক্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের আবেদন করা উচিত।’
ফারুক আব্দুল্লাহ বলেন, ‘সমস্ত রাজনৈতিক দলের নেতারা কারাগারে থাকা বন্দিদের মুক্তি দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে এক মঞ্চে এসে কেন্দ্রীয় সরকারকে বলুন। বন্দিদের জম্মু-কাশ্মীরে স্থানান্তর করা হোক। এটা মানবিক দাবি।’
অন্যরাও ওই দাবিকে কেন্দ্রীয় সরকারের সামনে তুলে ধরতে তাঁকে সমর্থন জানাবেন বলে তিনি আশাপ্রকাশ করেছেন। দীর্ঘ প্রায় ৭ মাস পরে গত শুক্রবার মুক্তি পেয়েছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ।
ডা. ফারুক আব্দুল্লাহ বলেন, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের পরিবর্তনের পরে (৩৭০ ধারা বাতিল) অবাধে রাজনৈতিক মতামতের আদানপ্রদান করা প্রয়োজন। কিন্তু আমরা এখনও এ ধরণের পরিবেশ থেকে দূরে আছি। কারণ, অনেক রাজনৈতিক বন্দি এখনও জম্মু-কাশ্মীরের বাইরের কারাগারে বন্দি রয়েছে।’
এ প্রসঙ্গে আজ (সোমবার) ভারতের পশ্চিমবঙ্গের ‘বন্দি মুক্তি কমিটি’র সম্পাদকমণ্ডলীর সদস্য ভানু সরকার রেডিও তেহরানকে বলেন, ‘কাশ্মীরের মানুষজন শুধু রাজনৈতিক কারণে বন্দি আছেন এমন তো নয়, সেখানে ধর্মীয় বিশ্বাসের কারনেও তাঁরা বন্দি ও তাদের ওপরে অত্যাচার হয়। ইসলাম বিশ্বাসী মানুষের ওপরে এই রাষ্ট্রের রাগ খুব বেশি। তাঁরা ইসলাম ধর্মের মানুষদের যেকোনোভাবে সমস্ত সুযোগ, সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত করতে বদ্ধপরিকর। কাশ্মীরের বিষয়টা আরও মারাত্মক এজন্য যে, সেখানে দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে লড়াই চলছে। ফলে আমরা মনে করি কাশ্মীরে যাঁদেরকে আটক করা হয়েছে, আমরা ‘বন্দি মুক্তি কমিটি’ চিরকাল বলে এসেছি সমস্ত রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তি চাই।’
কাশ্মীরের সমস্যা রাজনৈতিক এবং আলোচনার মধ্য দিয়ে তা সমাধান করতে হবে। এজন্য কাশ্মীরের জনগণের সঙ্গে সরকারের আলোচনায় বসা উচিত বলেও ভানু সরকার মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।