ভারতে করোনাভাইরাসের ঝুঁকি, সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি
-
ভারতের সংসদ
করোনার ভাইরাসের ক্রমবর্ধমান ঝুঁকির পরিপ্রেক্ষিতে ভারতের সংসদের উভয়কক্ষের কাজকর্ম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। করোনার বিপদকে সামনে রেখে আজ (সোমবার) ওই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংসদের বাজেট অধিবেশন ৩ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু তার আগেই সংসদের কাজকর্ম স্থগিত করা হল।
আজ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি করোনা ভাইরাসের কারণে সরকারের উদ্দেশ্যে আর্থিক ত্রাণ ঘোষণার দাবি করেছেন। অধীর রঞ্জন বলেন, পরিস্থিতি নজিরবিহীন। প্রত্যেকে আশা করছেন যে সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা আসবে।
এদিকে, বারবার সতর্ক করা সত্ত্বেও করোনাভাইরাসের প্রকোপকে বহু মানুষ তেমন গুরুত্ব দিয়ে না দেখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসন্তোষ প্রকাশ করেছেন। আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্য টুইটার বার্তায় বলেন, ‘অনেক মানুষ লকডাউনকে গুরুত্ব দিয়ে নিচ্ছেন না। দয়া করে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। যথাযথভাবে নির্দেশিকা মেনে চলুন। আমি সমস্ত রাজ্য সরকারকে অনুরোধ করছি আইন মেনে লকডাউন নিশ্চিত করুন।’
সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যেই একাধিক রাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। চার জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে সেখানে। কিন্তু তারপরেও যদি কেউ সরকারি নির্দেশ লঙ্ঘন করে, তা হলে ১৮৮ ধারা অনুযায়ী ২০০ টাকার জরিমানাসহ ১ মাসের কারাদণ্ড হতে পারে নিয়ম লঙ্ঘনকারীর। ওই ব্যক্তির জন্য অন্য কারও জীবন ও নিরাপত্তা বিঘ্নিত হলে, সেক্ষেত্রে ছ’মাস পর্যন্ত কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা হতে পারে।
এদিকে, করোনার প্রাদুর্ভাবের মধ্যেও কেরালার চালকুডিতে নিত্য সহায় গির্জার যাজককে ভিড় জমায়েত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ত্রিশুর পুলিশ ওল্লুর জেলার সেন্ট অ্যান্টনি গির্জার যাজকের বিরুদ্ধে প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে মামলা করেছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।