কোনও জাতীয় পরিকল্পনা ছাড়াই সরকার লকডাউন করেছে : কপিল সিব্বাল
-
ভারতের সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বাল
করোনাভাইরাস ইস্যুতে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বাল বলেছেন, কোনও জাতীয় পরিকল্পনা ছাড়াই কেন্দ্রীয় সরকার লকডাউন করেছে। তিনি আজ (শুক্রবার) এক বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘করোনা নিয়ে দেশে যতটা পরীক্ষা করা উচিত তা হচ্ছে না। তাদেরই কেবল পরীক্ষা করা হচ্ছে যারা প্রকাশ্যে আসছে। গ্রামীণ ক্ষেত্রে কোনও পরীক্ষা করা হচ্ছে না।’
কপিল সিব্বালের অভিযোগ, ‘কেন্দ্রীয় সরকার কোনও পরিকল্পনা ছাড়াই লকডাউন করেছে। এখন জাতীয় পরিকল্পনা তৈরি করে সরকারকে এগিয়ে যেতে হবে। এ সময়ে আমি সরকারের বেশি সমালোচনা করতে চাই না। ২৪ মার্চ লকডাউন বাস্তবায়নে সরকার মাত্র চার ঘন্টা সময় নিয়েছিল। জানুয়ারীর শেষের দিকে ডব্লিউএইচও এটিকে ‘জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু এরপরে ফেব্রুয়ারিতে আমাদের সরকার বলেছিল যে এটি কোনও জরুরি অবস্থা নয়।’
তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার কোনও পরিকল্পনা করেনি। জাতীয় পর্যায়ে, রাজ্য পর্যায়ে বা জেলা পর্যায়েও কোনও পরিকল্পনা নেই। আমাদের এখানে অনেক কম পরীক্ষা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন এক লাখ পরীক্ষা হচ্ছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সরকার কী প্রস্তুতি নিচ্ছে তা দেশবাসীকে জানানো। তারা পরবর্তীতে কী করতে যাচ্ছেন তা বলুন। প্রধানমন্ত্রী আজ পর্যন্ত দেশবাসীকে বলেননি যে আমরা কী করেছি এবং কী করতে যাচ্ছি। কেবলমাত্র হাততালি দিয়ে বা এধরণের কাজ করে আমরা কীভাবে এই মহামারীর মোকাবিলা করব?’
কপিল সিব্বাল বলেন, ‘যাদের করোনার লক্ষণ রয়েছে কেবল তাদেরই পরীক্ষা করা হচ্ছে। কিন্তু আজ এই রোগটি এমন যেটিতে কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। সুতরাং আমাদের দেখতে হবে আমরা কাকে পরীক্ষা করছি। উপসর্গবিহীন লোকদের সমস্ত দেশে পরীক্ষা করা হচ্ছে। সেই হিসেবে বিশ্বব্যাপী যে নিয়ম আছে আমাদের তা অনুসরণ করা উচিত।’
তিনি আরও বলেন, ‘লকডাউন ঘোষণার সময় প্রধানমন্ত্রী কেবলমাত্র সতর্ক করেছিলেন, কোনও পরিকল্পনার কথা বলেননি। ব্রিটেনে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী বলেছিলেন, যার চাকরি যাবে তাকে সরকার ৮০ শতাংশ অর্থ প্রদান করবে। প্রধানমন্ত্রী আমাদের কাছে এ জাতীয় কিছু বলেননি।’ বর্তমানে দেশের ১০ কোটি মানুষ বেকার বলেও কংগ্রেসের সিনিয়র নেতা কপিল সিব্বাল মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।