পশ্চিমবঙ্গের রাজপালের চিঠিতে মুখ্যমন্ত্রীর সমালোচনা, ক্ষোভ জানালেন পার্থ
-
মমতা বন্দ্যোপাধ্যায়-জগদীপ ধনখড়
পশ্চিমবঙ্গের রাজপাল জগদীপ ধনখড়ের চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র সমালোচনা করার প্রতিবাদে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
আজ (সোমবার) রাজ্যপালের চিঠিতে প্রকাশ, তিনি বলেছেন, ‘সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সরকার এবং সিন্ডিকেট চালাচ্ছেন। রাজ্যে পুলিশের শাসন কায়েম হয়েছে। সোশাল মিডিয়ায় সমালোচনা করলেই গ্রেফতার করা হচ্ছে। রাজনৈতির মতপ্রকাশের অধিকারের কণ্ঠরোধ হচ্ছে রাজ্যে। রাজ্যপাল ‘মনোনীত’ বলে তাঁর দায়িত্ব নেই, এমন ধারণা বিলাপ মাত্র। আমি সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে থেকেই কথা বলছি। এখন রবীন্দ্রনাথের থেকে শিক্ষা নেওয়া উচিত। কিন্তু আপনার আচরণে মনে হয় আপনি গুরুদেবের আদর্শচ্যুত। মানুষ জানে আমি আপনার সঙ্গে আলোচনা চেয়েছি। আবারও আবেদন করছি আলোচনায় বসুন। সংবিধান অনুযায়ী আমি পদক্ষেপ করব।’
রাজ্যপালের চিঠির আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সমালোচনা করে চিঠি লিখেছিলেন। আজ তারই পাল্টা কড়া জবাব দিলেন রাজ্যপাল।
এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ বলেন, ‘আমি তো ওনাকে বারবার বলছি, উনি যে একটা রাজ্যের মাননীয় রাজ্যপাল সেকথা উনি ভুলেই গেছেন। উনি ‘বিজেপির মুখপাত্র’ হিসেবে কাজ করতে চাচ্ছেন। এছাড়া আর কী বলতে পারি। উনি মনোনীত নন, উনি রাজনীতি করতে পারেন, উনি রাজনৈতিক ভাষ্য দিতে পারেন, রোজ খবরের কাগজে বিবৃতি দিতে পারেন, এটা কী রাজ্যপালের কাজ নাকি? এটা সরকারকে বিব্রত করা মাত্র। উনি ঠিক কাজ করছেন না। এত সম্মানীয় ব্যক্তি। বারবার সম্মানের কথা বলছি। এখন চিঠি লেখার সময়? ’
পার্থ বাবু আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন, রাজ্যের মানুষ তা দেখছেন, উনি এত ব্যতিব্যস্ত করছেন কেন? বিরোধীরা যা বলছেন সেগুলোকে সংযোজিত করে উনি নিজের নামে নিজের প্যাড ব্যবহার করছেন। এটা ঠিক হচ্ছে না। উনি মমতা বন্দোপাধ্যায়কে রবীন্দ্রনাথ শেখাতে এসেছেন, এর থেকে বোকামি, আহম্মকের কথা কেউ বলবে! মমতা বন্দ্যোপাধ্যায় জানে না রবীন্দ্রনাথ কী? বাংলার মানুষ জানে না?’
'আমরা এখন মানুষের পাশে থেকে করোনা যুদ্ধে জয়ী হতে চাই' বলেও রাজ্যের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।