২১ মে আক্রান্ত এলাকা ছাড়া সব বড় দোকান খুলবে, বাস চলবে: মমতা
https://parstoday.ir/bn/news/india-i80007-২১_মে_আক্রান্ত_এলাকা_ছাড়া_সব_বড়_দোকান_খুলবে_বাস_চলবে_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার নতুন করে ৩১ মে পর্যন্ত যে লকডাউন ঘোষণা করেছে আমরা কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী এখানেও তা চালু রাখব। তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নাবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ১৮, ২০২০ ১৫:২৪ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার নতুন করে ৩১ মে পর্যন্ত যে লকডাউন ঘোষণা করেছে আমরা কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী এখানেও তা চালু রাখব। তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নাবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, আগেকার লকডাউন ও বর্তমান লকডাউনের মধ্যে কিছু পার্থক্য আছে। আমাদের অর্থনৈতিক কাজকর্মগুলো চলবে। আমরা কন্টেনমেন্ট জোন করেছি। কিন্তু কন্টেন্টমেন্ট জোনকে আরও ছোট করে দেওয়ার জন্য সেখানে বুথ বা গ্রামকে তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ‘এ-জোন’ আক্রান্ত এলাকা, যেখানে করোনা সংক্রমণ হতে পারে বা হয়েছে। বি-জোন হচ্ছে বাফার জোন সেখানে নজর রাখা হবে। সি-জোন হল ক্লিন জোন। অর্থাৎ বেশিরভাগ বিষয়টা এ জোনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বি-জোনে অনেকটাই সবকিছু খোলা থাকবে। সি-জোনে পুরোটাই খোলা থাকবে। আগামী ২১ মে আক্রান্ত এলাকা ছাড়া সব বড় দোকানগুলো খুলে যাবে।’

মমতা বলেন, ‘করোনাকে উপেক্ষা করার দরকার নেই। তাঁকে গুরুত্বসহকারে নিতে হবে। কিন্তু লোকের জীবন জীবিকাকেও চালু রাখতে হবে। সেক্ষেত্রে সম্পূর্ণ স্যানিটাইজেশন করে, সামাজিক দূরত্ব বজায় রেখে, কোভিড-১৯ এর বিরুদ্ধে সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বিকল্প দিনে হকাররা দোকান খুলতে পারবে।’

২১ মে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে আন্তঃজেলা বাস চালু হবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেন।#       

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮