জম্মু-কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর গুলিবর্ষণে ১ ভারতীয় সেনা নিহত
জম্মু-কাশ্মীরের রাজৌরি সীমান্তে পাক বাহিনীর গুলিবর্ষণে এক ভারতীয় সেনা নিহত ও অন্য একজন আহত হওয়ার পরে আজ ফের পাকিস্তানি বাহিনী কঠুয়া সীমান্তে গুলিবর্ষণ করলে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
গত (বৃহস্পতিবার) দিবাগত রাতে রাজৌরিতে সুন্দেরবানী সেক্টরে পাক বাহিনী ভারতীয় সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ ও মর্টার হামলা চালায়। এসময় ভারতীয় বাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে যথাযথ জবাব দেয়। উভয়পক্ষের মধ্যে গুলিবর্ষণের সময়ে পাক বাহিনীর গুলিতে মথিয়াঝগন পি নামে এক ভারতীয় জওয়ান নিহত ও হাবিলদার এম এম করণ নামে অন্য এক জওয়ান আহত হন। নিহত সেনা হাবিলদার ভারতের তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন।
শক্রবার প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ নিহত জওয়ানকে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেন, আমাদের সেনারা শত্রুর প্রতিটি ঘৃণ্য কাজের জবাব দিচ্ছে। হাবিলদার মথিয়াঝগন শত্রুর বিরুদ্ধে শক্তভাবে লড়াই করেছিলেন। এ সময়ে তিনি গুরুতর আহত হলে তাকে আর্মি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিনি সেখানে জীবন যুদ্ধে পরাস্ত হয়ে মারা যান। তাঁর শাহাদাতকে সর্বদা মনে রাখা হবে বলেও লে. কর্নেল দেবেন্দর আনন্দ মন্তব্য করেন।
অন্যদিকে, আজ (শনিবার) জম্মু-কাশ্মীরের কঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় অগ্রবর্তী সামরিক চৌকি ও গ্রাম টার্গেট করে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ করেছে বলে এনডিটিভি জানিয়েছে। কর্মকর্তা সূত্রকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশ, শুক্রবার দিবাগত রাত পৌনে ১ টার সময়ে গুলিবর্ষণ শুরু হয়। সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানরা পাল্টা গুলিবর্ষণ করে জবাব দিয়েছে। উভয়পক্ষের মধ্যে আজ (শনিবার) ভোর ৩ টা পর্যন্ত পাল্টাপাল্টি গোলাগুলি বর্ষণ চলে। ভারতীয় পক্ষে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। এদিকে, উভয় দেশের জওয়ানদের মধ্যে গুলিবর্ষণের ঘটনায় সীমান্তবর্তী এলাকার বেসামরিক বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এসময় নিরাপত্তাজনিত কারণে তাঁরা মাটির নীচেয় বাঙ্কারের মধ্যে রাত কাটাতে বাধ্য হন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।