ভারতে করোনা আক্রান্ত আড়াই লাখেরও বেশি, চীনকে ছাড়িয়ে গেল মহারাষ্ট্র
https://parstoday.ir/bn/news/india-i80533-ভারতে_করোনা_আক্রান্ত_আড়াই_লাখেরও_বেশি_চীনকে_ছাড়িয়ে_গেল_মহারাষ্ট্র
ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের নিরিখে চীনকে ছাড়িয়ে গেছে ভারতের মহারাষ্ট্র রাজ্য। করোনা আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মোট ৭ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার) সকাল পৌনে ১০ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৮, ২০২০ ১২:৪১ Asia/Dhaka
  • ভারতে করোনা আক্রান্ত আড়াই লাখেরও বেশি, চীনকে ছাড়িয়ে গেল মহারাষ্ট্র

ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের নিরিখে চীনকে ছাড়িয়ে গেছে ভারতের মহারাষ্ট্র রাজ্য। করোনা আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মোট ৭ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার) সকাল পৌনে ১০ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

সরকারি সূত্রে প্রকাশ, এ পর্যন্ত মোট ১ লাখ ২৪ হাজার ৯৫ জন সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৯ হাজার ৯৮৩ টি নয়া সংক্রমণ এবং ২০৬ জনের মৃত্যু হয়েছে।

ভারতের মহারাষ্ট্রে এপর্যন্ত ৮৫ হাজার ৯৭৫ জন আক্রান্ত এবং ৩ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের নিরিখে চীনকে ছাড়িয়ে গেছে একা মহারাষ্ট্র রাজ্যই। চীনে ৮৩ হাজার ৩৬ টি আক্রান্তের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

অন্যদিকে, মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত এক কর্মকর্তাসহ কমপক্ষে ৩৩ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। রাজ্যটিতে ২ হাজার ৫৬২ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে।

এক কর্মকর্তা জানান, মৃত ৩৩ পুলিশ সদস্যের মধ্যে ১৮ জন মুম্বাই পুলিশের সদস্য। বর্তমানে রাজ্য পুলিশ বাহিনীর ১ হাজার ৪৯৭ জনের করোনা চিকিৎসা চলছে যার মধ্যে ১৯৬ জন কর্মকর্তা রয়েছেন।

ভারতে গত এক সপ্তাহে যেভাবে করোনার রোগীর সংখ্যা বাড়ছে এমন গতিতে তা কখনই বাড়েনি। এটি দেশের জন্য উদ্বেগের বিষয় বলে মনে করা হচ্ছে। গত এক সপ্তাহে, করোনার রোগীর সংখ্যা দৈনিক ৮ হাজার থেকে ১০ হাজারের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এ সময় প্রায় দুই হাজার মানুষ মারা গেছে।

অরবিন্দ কেজরিওয়াল

ভারতে জাতীয় রাজধানী দিল্লিতে দৈনিক কমপক্ষে ১ হাজার  নয়া সংক্রমণের ঘটনা ঘটছে। দিল্লি সরকার নতুন রোগীদের সংখ্যা দ্রুত বৃদ্ধির বিষয়েও উদ্বিগ্ন এবং রাজধানীর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার শর্ত পরিবর্তন করেছে। দিল্লির বাইরের লোকদের জন্য হাসপাতালের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে দিল্লির  নয়াডা এবং গাজীয়াবাদ সীমান্ত সিল করে দেওয়া হয়েছে।

এদিকে, আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অসুস্থ হয়ে পড়েছেন। কাশি এবং জ্বর হওয়ায় আগামীকাল (মঙ্গলবার) তাঁর করোনা পরীক্ষা করা হবে। বর্তমানে তিনি বসাতেই হোম কোয়ারেন্টাইনে আছেন। আচমকা এভাবে অসুস্থ হয়ে পড়ায় তাঁর সমস্ত বৈঠক ও কর্মসূচি বাতিল করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।   

ভারতের মধ্য প্রদেশ, গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশে একনাগাড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮