চীনের সঙ্গে বিবাদ নিয়ে সিডিএস ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে রাজনাথের বৈঠক
https://parstoday.ir/bn/news/india-i80536-চীনের_সঙ্গে_বিবাদ_নিয়ে_সিডিএস_ও_তিন_বাহিনীর_প্রধানের_সঙ্গে_রাজনাথের_বৈঠক
ভারত ও চীনের মধ্যে চলমান সীমান্ত বিবাদকে কেন্দ্র করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। আজ (সোমবার) গুরুত্বপূর্ণ ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০৮, ২০২০ ১৩:৪৬ Asia/Dhaka
  • সামরিক কর্মকর্তাদের সঙ্গে রাজনাথের বৈঠক
    সামরিক কর্মকর্তাদের সঙ্গে রাজনাথের বৈঠক

ভারত ও চীনের মধ্যে চলমান সীমান্ত বিবাদকে কেন্দ্র করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। আজ (সোমবার) গুরুত্বপূর্ণ ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ভারত-চীন সীমান্তের লাদাখে চলমান উত্তেজনা নিরসনে গত ৬ জুন দুই দেশের সেনা কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়। এ নিয়ে আলোচনার জন্য, সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াতের সাথে চলমান পরিস্থিতি পর্যালোচনা করেন। সামরিক কর্মকর্তারা এসময়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে সমস্ত বিষয়ে অবহিত করেন। বৈঠকে বর্তমান পরিস্থিতির পাশাপাশি ভবিষ্যতের কৌশল নিয়েও আলোচনা করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে ওই বৈঠক চলে।

এদিকে, চীনের সঙ্গে সীমান্ত বিবাদ ইস্যুতে কেন্দ্রীয় সরকার কিছুটা ব্যাকফুটে রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসিসহ বিরোধীদলীয় বিভিন্ন নেতা ভারত-চীন সীমান্তের প্রকৃত অবস্থা কী তা জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করেছেন।

অমিত শাহ

গতকাল (রোববার) বিহারের জন্য ভার্চুয়াল জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘ভারতের প্রতিরক্ষানীতি সারা বিশ্বে স্বীকৃত। বিশ্ববাসী মেনে নিয়েছে যে, আমেরিকা ও ইসরাইলের পরে যদি কেউ সীমান্ত সুরক্ষিত রাখতে পারে, তাহলে সেই দেশ হল ভারত।’

সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইকের প্রসঙ্গ উল্লেখ করে অমিত শাহ বলেন, ‘উরি ও পুলওয়ামা হামলার পরে সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক দেখিয়ে দিয়েছে, ভারতের প্রতিরক্ষানীতি কতটা শক্তিশালী।

এ নিয়ে অমিত শাহকে কটাক্ষ করে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘সীমান্তে বাস্তবিক কী পরিস্থিতি তা সবাই জানেন।’ উর্দু কবি মির্জা গালীবের পংক্তি থেকে নিয়ে রাহুলের কটাক্ষ,  ‘হয়তো মনকে খুশি রাখার এই প্রচেষ্টা ভাল।’

অন্যদিকে, আজ (সোমবার) ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, সীমান্ত বিরোধ নিয়ে ভারত ও চীনা সামরিক বাহিনীর মধ্যে আলোচনা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের উচিত চীনাদের সঙ্গে তাদের কী আলোচনা হয়েছে তা দেশকে জানানো। এতে লজ্জার কী আছে, তারা এনিয়ে নীরব কেন? চীনা সেনাবাহিনী লাদাখে ভারতীয় অঞ্চল দখল করেছে কিনা তা আমাদের বলুন।’

ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি

এদিকে, আজ ‘আজতক’ হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইটে বলা হয়েছে, চীন পূর্ব লাদাখের আশেপাশে ভারত সীমান্ত সংলগ্ন হেলিকপ্টারের চলাচল বৃদ্ধি করেছে। ওই হেলিকপ্টারগুলো লাদাখের কাছে জড়ো হওয়া চীনা সেনাদের সহায়তা করার জন্য ব্যবহৃত হচ্ছে। গত ৮/১০ দিন ধরে সীমান্তের দু'পাশে সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে চীন একনাগাড়ে নিজের শক্তি জোরদার করছে বলে মনে হচ্ছে।

হেলিকপ্টারগুলো পেট্রোলিং, পণ্য সরবরাহের জন্য চীন ব্যবহার করছে কিন্তু ভারত সীমান্তের কাছে তা ওড়ানো হচ্ছে বলে খবর। এছাড়া চীনা সেনাবাহিনী ‘পিএলএ’র যুদ্ধবিমানকেও পূর্ব লাদাখের কাছে প্রকৃত  নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর উড়তে দেখা গেছে বলেও ‘আজতক’ টিভি চ্যানেলের ওয়েবসাইট জানিয়েছে। গোটা পরিস্থিতির দিকে নজর রেখে চলেছেন ভারতীয় কর্মকর্তারা।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।