গরু জবাইর জন্য ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন করল উত্তর প্রদেশ
https://parstoday.ir/bn/news/india-i80574-গরু_জবাইর_জন্য_১০_বছরের_কারাদণ্ডের_বিধান_রেখে_আইন_করল_উত্তর_প্রদেশ
ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার গরু জবাই করলে ১০ বছরের কারাদণ্ডের ব্যবস্থা করেছে। গতকাল (মঙ্গলবার) রাজ্য মন্ত্রিসভায় ‘গো-হত্যা প্রতিরোধ (সংশোধিত) অধ্যাদেশ-২০২০’ অনুমোদিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০২০ ১২:৫৮ Asia/Dhaka
  • গরু জবাইর জন্য ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন করল উত্তর প্রদেশ

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার গরু জবাই করলে ১০ বছরের কারাদণ্ডের ব্যবস্থা করেছে। গতকাল (মঙ্গলবার) রাজ্য মন্ত্রিসভায় ‘গো-হত্যা প্রতিরোধ (সংশোধিত) অধ্যাদেশ-২০২০’ অনুমোদিত হয়েছে।

মন্ত্রিসভায় গৃহীত ‘গো-হত্যা প্রতিরোধ (সংশোধিত) অধ্যাদেশ-২০২০’ অনুযায়ী, রাজ্যে কেউ গরু জবাই করলে ১০ বছর কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। অন্যদিকে, কেউ যদি গবাদিপশুর অঙ্গহানি করে তার জন্য সাত বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। যোগী সরকার রাজ্যে গরু জবাই সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে ওই আইন করেছে।

দেশে আরও অনেক রাজ্য রয়েছে, যেখানে গরু জবাইয়ের বিষয়ে কঠোর আইন রয়েছে। আবার এমন অনেক রাজ্য রয়েছে যেখানে গরু জবাইয়ে কোনও বিধিনিষেধ নেই। এবং এই সমস্ত আইন সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী তৈরি করা হয়েছে।

ভারতীয় সংবিধানের ৪৮ অনুচ্ছেদে রাজ্য আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি ও পশুপালনের উন্নতির চেষ্টা করবে বলা হয়েছে। তাদের উন্নতির জন্য গরু, বাছুর এবং অন্যান্য দুধের পশুর হত্যা রোধ করার জন্য রাজ্য বিশেষভাবে আইন প্রণয়ন করবে। যদিও ওই অনুচ্ছেদে কোনও রাজ্যকে এ সংক্রান্ত আইন তৈরি করার জন্য কোনও বাধ্যবাধকতা রাখা হয়নি।সংবিধানের ওই অনুচ্ছেদ অনুসরণ করে কিছু রাজ্যে গবাদিপশু হত্যা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কয়েকটি রাজ্যে গরু জবাইয়ের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।

দেশে মোট ১১ টি রাজ্য রয়েছে, যেখানে গরু জবাইয়ের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। ১০ টি এমন রাজ্য রয়েছে যেখানে অবশ্য নিষেধাজ্ঞা নেই। একইসাথে, এমন ৮ টি রাজ্য রয়েছে যেখানে গরু জবাইয়ের উপরে  আংশিক নিষেধাজ্ঞা রয়েছে।

উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরায় গরু জবাইয়ের বিরুদ্ধে কোনও আইন নেই। মণিপুরে গরু জবাইয়ে আংশিক নিষেধাজ্ঞা রয়েছে। মণিপুরে আইন বলছে যে কাউকে যদি গরু হত্যা করতে দেখা যায় তবে তার শাস্তি হতে পারে। কিন্তু মণিপুরে প্রকাশ্যে গরুর গোস্ত বিক্রি হয়।

অসম, পশ্চিমবঙ্গ, কেরালা, লাক্ষাদ্বীপ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরায় গরু জবাইয়ের উপর কোনও বিধিনিষেধ নেই।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।