কঠোর জবাবের পরিবর্তে চীনা বাহিনীকে প্রশংসা দিয়েছেন মোদি: গুলাম নবী আজাদ
https://parstoday.ir/bn/news/india-i80972-কঠোর_জবাবের_পরিবর্তে_চীনা_বাহিনীকে_প্রশংসা_দিয়েছেন_মোদি_গুলাম_নবী_আজাদ
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ বলেছেন, ‘আমরা আশা করেছিলাম আমাদের প্রধানমন্ত্রী চীনকে কঠোর জবাব দেবেন। কিন্তু জবাব দেওয়ার পরিবর্তে উনি চীনকে এবং চীনা সেনাবাহিনীকে প্রশংসাপত্র দিয়েছেন যে, তারা ভারতের কোনও সীমানায় ভেতরে প্রবেশই করেনি।’ সম্প্রতি চীনা বাহিনীর হামলায়  ২০ ভারতীয় সেনা নিহত হওয়া প্রসঙ্গে তিনি আজ (শুক্রবার) কেন্দ্রীয় সরকারের সমালোচনায় ওই মন্তব্য করেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২৬, ২০২০ ১২:৫১ Asia/Dhaka
  • গুলাম নবী আজাদ
    গুলাম নবী আজাদ

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ বলেছেন, ‘আমরা আশা করেছিলাম আমাদের প্রধানমন্ত্রী চীনকে কঠোর জবাব দেবেন। কিন্তু জবাব দেওয়ার পরিবর্তে উনি চীনকে এবং চীনা সেনাবাহিনীকে প্রশংসাপত্র দিয়েছেন যে, তারা ভারতের কোনও সীমানায় ভেতরে প্রবেশই করেনি।’ সম্প্রতি চীনা বাহিনীর হামলায়  ২০ ভারতীয় সেনা নিহত হওয়া প্রসঙ্গে তিনি আজ (শুক্রবার) কেন্দ্রীয় সরকারের সমালোচনায় ওই মন্তব্য করেছেন।

গুলাম নবী আজাদ বলেন, ‘আমরা জিজ্ঞেস করতে চাই, কে অনুমতি দিয়েছিল এবং এটা কীভাবে হল যে চীনা বাহিনী আমাদের সীমান্তে আমাদের এলাকায় ঢুকে এবং অনুপ্রবেশ করে আমাদের সেনাদের তারা শহীদ করে দিয়েছে?’

তিনি আরও বলেন, ‘দেশবাসী আপনারা ভালোভাবে জানেন কীভাবে লাদাখের মধ্যে আমাদের সীমান্তে কয়েকটি জায়গায় অনুপ্রবেশ করেছিল। তাঁরা কেবল অনুপ্রবেশই করেনি বরং আমাদের সাহসী সেনাদের তাঁরা শহীদ করেছে। এবং কয়েকজনকে আহত করেছে। আজ গোটা দেশজুড়ে আমরা শহীদদের স্মরণ করছি।’

গুলাম নবী আজাদ বলেন, ‘আমাদের সেনাবাহিনী চীনা বাহিনীর সঙ্গে সীমান্তে লড়াই করার সময় কে অনুমতি দিয়েছিল যে তারা যেন অস্ত্র ব্যবহার না করে?’

অরুণাভ ঘোষ

অন্যদিকে, পশ্চিমবঙ্গের কংগ্রেসের সিনিয়র নেতা ও আইনজীবী অরুণাভ ঘোষ বলেছেন, আমাদের নরেন্দ্র মোদি ভুল করেও সত্যি কথা বলছেন না! সম্পূর্ণটাই মিথ্যে কথা! প্রথমত, যুক্তিতে আটকে যাচ্ছে যে, ভারতবর্ষে কেউ ঢোকেনি, তাহলে ২০ জন যে মারা গেল এবং ৭৬ জন আহত হয়েছে। তারমধ্যে আরও ১৮ জনের অবস্থা খুব খারাপ ছিল। তাহলে কী দাঁড়াল? আমরা ওদের ওখানে ঢুকেছি। ওরা যদি আমাদের এখানে না ঢোকে তাহলে আমরা ওদের ওখানে ঢুকেছি। ফাঁকা মাঠে তো আর লড়াই হয়নি। এটা তো ভারতকে আরও বিপদে ফেলে দিল! আমরা চীনের মাটিতে ঢুকেছি, চীন আমাদের আক্রমণ করেনি, আমরা ওখানে ঢুকেছি? তাঁকে  (প্রধানমন্ত্রীকে) বলতে হবে যে চীনারা এসে আমাদের মেরেছে। তাহলে সেটা দাঁড়াত।’

‘এই যে ২০ জন (সেনা) মারা গেছে, সেটা নিয়েই এবার বিহারে নির্বাচন করতে যাবে। অর্থাৎ যত মরে আর্মি মোদি সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করে। কিন্তু এবার সেটা পারবেন না’ বলেও কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ মন্তব্য করেন।

আনন্দ শর্মা

কংগ্রেসের সিনিয়র নেতা আনন্দ শর্মা বলেছেন, ‘আজ আমরা সেইসব শহীদের স্মরণ করছি যারা লাদাখে ভারত-চীন নিয়ন্ত্রণরেখায় দেশের ভূখণ্ডকে রক্ষা করতে, দেশের অখণ্ডতাকে রক্ষা করতে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। কিন্তু প্রশ্ন এটাই যে, এই পরিস্থিতি কীভাবে এল? কী কারণে চীন এত বড় সংখ্যক সেনা নিয়ে নিয়ন্ত্রণরেখায়  ৫ টি স্থানে ভারতভূমিতে চলে এসেছিল? সরকারের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ ব্যর্থ। তা সে চীনের ক্ষেত্রে হোক বা ভারতের প্রতিবেশী দেশ হোক। মোদি সরকারের এটা জানা জরুরি যে কূটনীতি গুরুত্বপূর্ণ হওয়া উচিত, গভীর হওয়া উচিত। কূটনীতি কেবল আলিঙ্গন করা, করমর্দন করা, ছবি তোলা নয়।’

কংগ্রেস নেতা কুলদীপ সিং রাঠোর বলেছেন, ‘চীন পুনরায় আমাদের ধোঁকা দিয়েছে। মোদি সরকারের অবহেলা ও উদাসীনতার জন্য আমাদের সেনারা শহীদ হয়েছে। একইসঙ্গে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা আজ বিপদের মুখে। চীনকে এর ফল ভোগ করতে হবে।’

কংগ্রেসের প্রশ্ন, কেন নিরস্ত্র অবস্থায় আমাদের সেনাদের চীনা সেনাদের বিরুদ্ধে লড়তে পাঠানো হল?#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।