সিডিএস ও সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে লাদাখে নরেন্দ্র মোদির আকস্মিক সফর
https://parstoday.ir/bn/news/india-i81147-সিডিএস_ও_সেনাপ্রধানকে_সঙ্গে_নিয়ে_লাদাখে_নরেন্দ্র_মোদির_আকস্মিক_সফর
ভারত-চীন সংঘাতের আবহের মধ্যে লাদাখের লেহ সফর করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নারাভানে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ০৩, ২০২০ ০৯:০৬ Asia/Dhaka
  • সিডিএস ও সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে লাদাখে নরেন্দ্র মোদির আকস্মিক সফর

ভারত-চীন সংঘাতের আবহের মধ্যে লাদাখের লেহ সফর করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নারাভানে।

আজ (শুক্রবার) প্রধানমন্ত্রীর ওই আচমকা সফর ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেজ্ঞরা। লেহ থেকে তিনি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি’র দিকে দিকে যান এবং সেখানে ভারতীয় বাহিনীর যেসব সীমান্ত চৌকি রয়েছে, সেগুলোর কয়েকটিতে যান। প্রধানমন্ত্রী এসময় নিমুতে সীমান্তে মোতায়েন জওয়ানদের সঙ্গে কথা বলেন। তিনি সেনাবাহিনী, বিমানবাহিনী ও আধাসামরিক বাহিনী আইটিবিপি জওয়ানদের সঙ্গে কথা বলেন। সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা সেখানকার পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করান।

পূর্ব লাদাখের গালওয়ান ঘাঁটিতে গত ১৫ জুন রাতে ভারত ও চীনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা সদস্য নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

লাদাখের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করেন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা

এদিকে, প্রধানমন্ত্রীর আচমকা সফর প্রসঙ্গে কংগ্রেস নেতা মনিশ তিওয়ারি বলেন, ‘যখন ইন্দিরা গান্ধী লেহ সফর করেছিলেন, পাকিস্তান দু’ভাগে বিভক্ত হয়েছিল। প্রধানমন্ত্রী মোদি এবার কী করেন সেটিই এবার দেখার বিষয়।’

প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সীমান্ত সফরকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মনে করছেন। পরিস্থিতি অত্যন্ত গুরুতর না হলে বা খুব বড় পদক্ষেপ গ্রহণের কথা ভাবা না হলে প্রধানমন্ত্রী নিজে সীমান্ত চৌকিতে যান না। সুতরাং, প্রধানমন্ত্রীর এই আচমকা সীমান্ত সফর বাহিনীর মনোবল অনেকটা বাড়িয়ে দেবে বলে সাবেক সেনা কর্মকর্তারা মনে করছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।