ভারতে ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’য় বিনামূল্যে রেশন, গ্যাস সিলিন্ডার বিতরণ
ভারতে করোনা পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’য় ৮১ কোটি মানুষ বিনামূল্যে রেশন পাবেন। কেন্দ্রীয় মন্ত্রীসভায় বিষয়টি অনুমোদিত হয়েছে। আজ (বুধবার) অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ওই তথ্য জানিয়েছেন। এরফলে ৮১.০৯ কোটি মানুষ উপকৃত হবেন।
গত মার্চে এ সংক্রান্ত ঘোষণা করা হয়েছিল। তখন এর শেষ তারিখ ৩০ জুন পর্যন্ত করা হয়েছিল। এবার নতুনভাবে সময়সীমা বাড়িয়ে নভেম্বরের শেষ পর্যন্ত করা হয়েছে।
‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’র আওতায় প্রতি মাসে পরিবারের প্রত্যেক সদস্যকে ৫ কেজি গম বা চাল এবং এক কেজি ডাল বিনামূল্যে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত, এপ্রিল মাসে ৯৩ শতাংশ, মে মাসে ৯১ শতাংশ এবং জুনে ৭১ শতাংশ সুবিধাভোগীদের এসব সামগ্রী সরবরাহ করা হয়েছে। এজন্য বিভিন্ন রাজ্য এ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ১১৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য নিয়েছে। এই খাদ্য প্রকল্পটি এবার নভেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।
কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পের সম্প্রসারণে ৯০ হাজার কোটি টাকার বেশি ব্যয় করবে। যদি এরসঙ্গে বিগত ৩ মাসের খরচ যুক্ত করা হয় তবে তা প্রায় দেড় লাখ কোটি টাকায় গিয়ে দাঁড়াবে।
সম্প্রতি দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ নভেম্বরের শেষ পর্যন্ত করার কথা বলেছিলেন। এবার তা কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদিত হল। এরফলে করোনাভাইরাসে লকডাউন জনিত কারণে যারা কাজ হারিয়েছেন, গরীব মানুষ তাঁরা বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এদিকে আজ অন্য একটি ঘোষণায় কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’য় দরিদ্র নারীদের মধ্যে বিনামূল্যে রান্নার গ্যাস বিলির কর্মসূচির মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, এরফলে করোনা মহামারীর মধ্যে গরীব মানুষ সরাসরি সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’র আওতায় ৮ কোটি পরিবার সুবিধাব পাবেন বলেও তিনি মন্তব্য করেছেন।
করোনা সঙ্কটের মধ্যে এরআগে ওই প্রকল্পের আওতায় চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত বিনামূল্যে গ্যাস সিলিন্ডার বিতরণের ঘোষণা দেওয়া হয়েছিল। এবার মেয়াদ বৃদ্ধি করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।